বাংলাদেশের ইটভাটায় কয়লা ব্যবহারের পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন এনে বায়ুদূষণ কমানো এবং জ্বালানি সাশ্রয় করার পাশাপাশি ইটের গুণগত মান বৃদ্ধি করা সম্ভব। সম্প্রতি সায়েন্স ও প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (পিএনএএস)-এ প্রকাশিত একটি দীর্ঘমেয়াদি গবেষণায় এই আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। এই গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের আইসিডিডিআরবি-র গবেষকেরা।

বিশ্বের চতুর্থ বৃহত্তম ইট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে প্রায় ৮ হাজার প্রচলিত ইটভাটা রয়েছে, যা দেশের মোট চাহিদার ৯০ শতাংশের বেশি পূরণ করে। তবে এই প্রচলিত পদ্ধতিগুলো বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত। গবেষক দল লক্ষ্য করেছেন যে, কোনো বড় ধরনের যন্ত্রপাতির পরিবর্তন ছাড়াই কেবল কয়লা দেওয়ার নিয়ম এবং বাতাস চলাচলের সুবিধার্থে ইট সাজানোর পদ্ধতিতে কৌশলগত পরিবর্তন আনলে বড় পরিবর্তন আনা সম্ভব। এই পদ্ধতি প্রয়োগের ফলে ইটভাটাগুলোতে জ্বালানি খরচ ৯.৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং উন্নত মানের ইটের উৎপাদন ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড এবং ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা (পিএম-২.৫) নিঃসরণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে গবেষণায় দেখা গেছে।

তবে পরিবেশগত ও উৎপাদনগত উন্নতির পাশাপাশি শ্রমিকদের করুণ বাস্তবতার চিত্রও ফুটে উঠেছে এই গবেষণায়। খুলনা বিভাগের ২৪৬টি ইটভাটার ১ হাজার ৪৪২ জন শ্রমিকের ওপর করা এক জরিপে দেখা যায়, উৎপাদনশীলতা বাড়ার ফলে মালিকদের মুনাফা বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি, স্বাস্থ্যসেবা বা কর্মপরিবেশের কোনো উন্নতি হয়নি। জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ শ্রমিকের কোনো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নেই এবং ৭১ শতাংশ শ্রমিকের কোনো আনুষ্ঠানিক নিয়োগপত্র বা চুক্তি নেই। আরও ভয়াবহ তথ্য হলো, প্রায় ২০ শতাংশ শ্রমিক জোরপূর্বক শ্রমের শিকার এবং ৭০ শতাংশের বেশি ভাটায় শিশুশ্রমের প্রমাণ পাওয়া গেছে।

এই পরিস্থিতি নিয়ে স্ট্যানফোর্ডের অধ্যাপক গ্র্যান্ট মিলার এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিনা ব্রুকস মন্তব্য করেছেন যে, শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি করে শোষণমূলক শ্রমবাজারের সমস্যার সমাধান করা সম্ভব নয়। শ্রমিকদের মৌলিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তাই গবেষকেরা এখন ভাটামালিকদের সাথে সরাসরি আলোচনা শুরু করেছেন যেন শ্রমিকদের জন্য বিশুদ্ধ পানি, বিশ্রামের জায়গা এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা যায়।