বয়স, লিঙ্গ, ধর্ম কিংবা গোত্র নির্বিশেষে সবার সঙ্গে পরিশীলিত ও সৌজন্যময় ব্যবহার ইসলামের মৌলিক শিক্ষা হিসেবে গণ্য। বিশেষ করে তরুণদের জন্য শিষ্টাচার এবং ভালো চরিত্র গঠন ইমানের অন্যতম প্রধান অঙ্গ। একজন সচেতন মুসলিমের দৈনন্দিন জীবনে অন্যের প্রতি সম্মান, দয়াশীলতা, মার্জিত ভাষা এবং এমন একটি সামাজিক পরিবেশ নির্মাণের চেষ্টা করা উচিত যেখানে কেউ আঘাত বা কষ্ট না পায়।

মহানবী (সা.) তাঁর নবুয়তি দায়িত্বের মূল লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “আমাকে তো শুধু উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্যই প্রেরণ করা হয়েছে।” (আল-আদাবুল মুফরাদ, হাদিস: ২৭৩) তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য শুধু রহমত হিসেবেই প্রেরণ করেছি।” (সুরা আম্বিয়া, আয়াত: ১০৭) তাই তাঁর আদর্শ অনুসরণ করে সবার সঙ্গে সদাচরণ করা প্রতিটি মুমিনের কর্তব্য।

পবিত্র কোরআনে আল্লাহ নিজের ইবাদতের পরেই মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, “আপনার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সঙ্গে সৎব্যবহার করবে। তাদের একজন বা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদেরকে ‘উফ’ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না; বরং তাদের সঙ্গে সম্মানসূচক নম্র কথা বলো।” (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩) শৈশবে মা-বাবা নিজেদের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে গড়ে তোলেন; তাই সন্তানদেরও তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা নৈতিক দায়িত্ব। মা-বাবাকে সন্তুষ্ট রাখা পরকালের অন্যতম শ্রেষ্ঠ পুণ্য।

প্রবীণ ও মুরুব্বিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষাও ইসলামে গুরুত্বপূর্ণ। রাস্তাঘাটে বা সামাজিক মেলামেশায় বয়স্কদের সঙ্গে বিনয়ী হওয়া উচিত। তাদের সঙ্গে হাঁটার সময় সামান্য পেছনে থাকা, দরজা বা যানবাহনে প্রবেশের সময় তাদের আগে সুযোগ দেওয়া এবং তাদের উপস্থিতিকে সম্মান জানানোর নির্দেশনা দিয়েছেন নবীজি। হাদিসে এসেছে, “যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আমাদের আলেমদের উপযুক্ত মর্যাদা দেয় না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯১৯) বয়স্কদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার মূল্যায়ন করা এবং তাদের সম্মান করা প্রতিটি মুসলিমের কর্তব্য।

আত্মপর্যালোচনার মাধ্যমে নিজের আচরণ যাচাই করা উচিত—আমি কি অন্যদের সঙ্গে সেই আচরণ করছি, যা নিজের জন্য কামনা করি? জীবনের একপর্যায়ে সবাই বার্ধক্যে উপনীত হবে; আজ বয়স্কদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়, ভবিষ্যতে তরুণ প্রজন্মও সেই অনুযায়ী আচরণ করবে। সামাজিক মেলামেশায় হাসিমুখে কথা বলা, সুন্দর বাক্য ব্যবহার এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইমানের সৌন্দর্য। মহানবী (সা.) বলেছেন, “আল্লাহর বান্দাদের মধ্যে তাঁর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি, যার চরিত্র বা আচরণ সবচেয়ে সুন্দর।” (সহিহ বুখারি, হাদিস: ৩৫৫৯) সুতরাং সুন্দর আচরণ কেবল সামাজিক প্রয়োজন নয়, বরং ধর্মীয় নির্দেশনা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।