রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে আগামীকাল ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবারও’ মেলার পঞ্চম সংস্করণ। ইলোরা কালেক্টিভের উদ্যোগে আয়োজিত এই মেলাটি নিরিবিলি অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মূলত পরিবেশবান্ধব জীবনযাপন, সৃজনশীল শিল্পচর্চা এবং টেকসই পণ্যের প্রসার ঘটানোই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
ইলোরা কালেক্টিভের প্রতিষ্ঠাতা সারা ইসলাম জানান, এই মেলার যাত্রা শুরু হয়েছিল পুরোনো বা থ্রিফট শাড়ি বিক্রির মাধ্যমে। তবে এবারের আসরে সেই ধারণাকে আরও বিস্তৃত করা হয়েছে। পরিবেশ রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সৃজনশীল শখ পূরণ এবং এর মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করাই এবারের মেলার বিশেষ উদ্দেশ্য।
মেলা চলাকালীন বিশেষ দুটি শিল্প কর্মশালা বা আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এর মধ্যে একটি হলো জলরঙের কর্মশালা, যা পরিচালনা করবেন শিল্পী তানজিম ইনিয়াত ইসলাম। এই কর্মশালাটি দুটি সেশনে (সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা) বিভক্ত থাকবে। এতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, তবে স্পট রেজিস্ট্রেশনের সুবিধাও থাকবে। সব বয়সের মানুষ এই শিখণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
দ্বিতীয় কর্মশালাটি হবে সায়ানোটাইপ প্রিন্টমেকিং নিয়ে, যার নির্দেশক হিসেবে থাকবেন সারা ইসলাম। সায়ানোটাইপ হলো আলোকচিত্র মুদ্রণের একটি প্রাচীন পদ্ধতি, যেখানে নেগেটিভ ইমেজ বা কোনো বস্তুর প্রতিচ্ছবি নীল রঙের কাগজ বা কাপড়ে ফুটিয়ে তোলা হয়। এই পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং সব বয়সের আগ্রহীরাই এতে অংশ নিতে পারবেন। উল্লেখ্য যে, এই দুটি কর্মশালার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম আয়োজক কর্তৃপক্ষ সরবরাহ করবে এবং এই বিশেষ প্রশিক্ষণগুলো ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে।
মেলায় বিভিন্ন সৃজনশীল উদ্যোক্তাদের স্টল থাকবে। সেখানে প্রদর্শিত ও বিক্রয়যোগ্য পণ্যের তালিকায় রয়েছে থ্রিফটের শাড়ি, নতুন পোশাক, বিভিন্ন ধরনের পেইন্টিং ও আর্টওয়ার্ক, হাতে তৈরি আচার, ব্যাগ, গয়না, রিসাইকেল কাঠের আসবাবপত্র এবং ঘর সাজানোর নানা উপকরণ। এই আয়োজনে অংশ নিচ্ছেন ক্লেস্থান, স্বধিতি লাইফস্টাইল, লাভ, মা অফিসিয়াল, স্টুডিও পিগ্রো, এনা কাব্য, জিনিয়াস ফার্ম, সুলতানাস ডায়েরি এবং শিল্পী সাইমিম মুনতাহা ও তানজিম ইনিয়াত ইসলামসহ আরও অনেকে।
শিল্পচর্চা এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার মেলবন্ধন ঘটানোই এই মেলার মূল বৈশিষ্ট্য। ফলে দর্শনার্থীরা এখানে কেবল কেনাকাটা নয়, বরং সৃজনশীলতার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন। ইলোরা কালেক্টিভ-এর পক্ষ থেকে সবাইকে সপরিবারে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলার ঠিকানা: ফ্ল্যাট এ টু, নিরিবিলি অ্যাপার্টমেন্ট, বাড়ি নম্বর ৩৫/৩, ইন্দিরা রোড, ঢাকা-১২১৫।




