লর্ডস টেস্টের প্রথম দিনে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় যখন ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই পুত্র, সুলেইমান ও কাসিম খানের একটি সাক্ষাৎকার প্রচার করে। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, লাঞ্চ বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না—এমন সিদ্ধান্ত নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করেছিল পিসিবি।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক এবং বর্তমান স্কাই স্পোর্টস সম্প্রচারক মাইকেল আথারটন এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন। সেখানে ইমরান খানের দুই সন্তান তাঁদের বাবার বর্তমান শারীরিক অবস্থা এবং প্রায় তিন বছর ধরে কারাগারে বন্দি থাকার কারণে তাঁর জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, গত বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল এবং টেস্ট শুরু হওয়ার আগে এর একটি টিজারও প্রচার করা হয়। তবে পাকিস্তানের সম্প্রচারক চ্যানেল পিটিভি এই সাক্ষাৎকারটি প্রচার করেনি।

লাঞ্চ বিরতির আগে পিসিবি স্কাই স্পোর্টসের সাথে যোগাযোগ করে এই সাক্ষাৎকার প্রচারের বিষয়ে আপত্তি জানায়। এর ফলে সম্প্রচারের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের পুরো সাক্ষাৎকারটি প্রচার করা হয়। ঠিক সেই সময়েই পাকিস্তানি খেলোয়াড়রা দ্বিতীয় সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও মাঠ বর্জনের কথা ভাবা হয়েছিল, তবে শেষ পর্যন্ত স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে নির্ধারিত সময়েই পাকিস্তান দল মাঠে নামে।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। তাঁর পরিবার বাবার যথাযথ চিকিৎসার দাবি জানিয়ে আসছেন। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তাঁকে ইসলামাবাদের শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও তাঁকে রাষ্ট্রীয় পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যা আদালতের আদেশ লঙ্ঘন বলে দাবি করছেন তাঁর বোন ও সন্তানরা। তাঁরা আরও দাবি জানিয়েছেন যে, ইমরানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক।

ইমরান খানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক আন্তর্জাতিক অধিনায়কগণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন। দ্বিতীয়বারের মতো পাঠানো এই চিঠিতে আথারটনসহ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়করা স্বাক্ষর করেছেন। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন অধিনায়ক এই বিষয়ে চিঠি দিলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে, পাকিস্তান সরকার ইমরান খানের ওপর নির্যাতনের অভিযোগ বা পরিবার ও আইনজীবীদের সাথে যোগাযোগে বাধা দেওয়ার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে সরকার জানিয়েছে, ২০২৩ সালের আগস্টে কারাবন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০০ বারের বেশি তাঁর পরিবার, চিকিৎসক এবং আইনজীবীরা তাঁর সাথে সাক্ষাৎ করেছেন।