প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও যেকোনো ব্যক্তিকে এখন অডিও বা ভিডিও কলে যুক্ত করার ব্যবস্থা চালু হতে যাচ্ছে। ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল করা না থাকলেও ওয়েব ব্রাউজারের একটি লিংকের মাধ্যমে কলে অংশগ্রহণের সুযোগ মিলবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপের ‘গেস্ট চ্যাট’ সুবিধায় অ্যাকাউন্ট ছাড়াই টেক্সট কথোপকথনে যুক্ত হওয়া যায়। লিংকের মাধ্যমে সেই পদ্ধতিতে অংশ নেওয়া সম্ভব। নতুন কল সুবিধাটিও একই নীতির ভিত্তিতে নির্মিত হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নন এমন ব্যক্তিরাও সহজেই অডিও বা ভিডিও কলের অংশ হতে পারবেন।
এই সুবিধা ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে একটি কলের লিংক তৈরি করতে হবে। এরপর ফোনকলের ধরন নির্ধারণ করে সেই লিংক বার্তা, ই-মেইল বা অন্য যেকোনো মাধ্যমে পাঠানো যাবে। প্রাপক লিংকে ক্লিক করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কলের ইন্টারফেস খুলে যাবে এবং সেখান থেকে সরাসরি কলে যুক্ত হওয়া যাবে।
কল চলাকালীন সময়ে নতুন অংশগ্রহণকারী যোগ করা বা কাউকে বাদ দেওয়ার সুবিধাও থাকবে। প্রয়োজনে একসঙ্গে সবাইকে কল থেকে বের করে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। অ্যাকাউন্ট ছাড়া যুক্ত হওয়া অতিথিদের জন্যও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে কথোপকথনের গোপনীয়তা ও নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে।
এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলের জন্য উভয় পক্ষেরই অ্যাপ ও অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছিল। অ্যাকাউন্ট না থাকা সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে সরাসরি কলের সুযোগ না থাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেশ সমস্যায় পড়তে হতো। নতুন এই ব্যবস্থা চালু হলে সেই সীমাবদ্ধতা দূর হয়ে যাবে। জুম বা গুগল মিটের মতোই একটি লিংকে ক্লিক করেই কলে অংশ নেওয়া যাবে। ফলে যোগাযোগ প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠবে।
তবে সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।




