দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত চ্যাটবট সম্বলিত লেনোভোর নতুন দুইটি ল্যাপটপ মডেল উন্মুক্ত করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
'৮৩ইউআর০০এবিএলকে' এবং '৮৩ইউআর০০এসিএলকে' নামের এই মডেল দুটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের প্যান্থার লেক কোর আলট্রা সিরিজ ৩ প্রসেসর, যার ফলে একাধিক কাজ একসঙ্গে দ্রুত সম্পাদন করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইটি মডেলেই ১৬ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ ক্ষমতা রয়েছে।
১৫.৩ ইঞ্চি পর্দার এই ল্যাপটপগুলোতে ফুল এইচডি ও আইআর ক্যামেরা, ইন্টেল গ্রাফিকস, ডব্লিউইউএক্সজিএ আইপিএস ৪০০ নিটস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে এবং ডলবি অডিও প্রযুক্তি যুক্ত করা হয়েছে। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ডিভাইসগুলোতে ব্যাকলিট কি-বোর্ড ও ৬০ ওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি রয়েছে।
মডেল দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ লাখ ২২ হাজার টাকা ও ১ লাখ ৪১ হাজার টাকা। এছাড়া, ৮১০এইচ মিলিটারি-গ্রেড প্রযুক্তিতে নির্মিত এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




