রাজধানীর গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝটিকা মিছিলের পরদিন থেকেই এই অভিযান শুরু হয়েছে এবং এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই শুক্রবার জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়ে আসছিলেন। ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কয়েক শতাধিক নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল করেন। এ সময় তারা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন বলে পুলিশের ভাষ্য। একপর্যায়ে মিছিলকারীরা গুলশান ও পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বলে জানায় পুলিশ। পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গুলশানে এমন মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এই প্রত্যাহার বলে সংশ্লিষ্ট মহলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।




