সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) যান্ত্রিক অনুবাদ ব্যবস্থার ত্রুটির কারণে আন্তর্জাতিক অঙ্গনে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। তার অভিযোগ, প্ল্যাটফর্মটির অনুবাদ বিভ্রাটের ফলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেখে মনে হতে পারে যে তিনি যাদের সঙ্গে বৈঠক করছেন, তাদের নাম পর্যন্ত সঠিকভাবে জানেন না। এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি মোট তিনবার।

সবশেষ ঘটনায় তিনি উল্লেখ করেন, গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরকালে তার সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের কথা জানাতে আকাজাওয়া এক্স-এ জাপানি ভাষায় একটি পোস্ট করেন, যেখানে তিনি স্পষ্টভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান লিখেছিলেন। কিন্তু এক্স-এর ইংরেজি অনুবাদ ফিচারে যান্ত্রিকভাবে নাম পরিবর্তন হয়ে অন্য নাম চলে আসে, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়, কারণ এতে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে এমন ধারণা তৈরি হতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নাম সম্পর্কে অবগত নন।

ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে আকাজাওয়া লিখেছেন, নামের অনুবাদের ক্ষেত্রে এমন উদাসীনতা মেনে নেওয়া যায় না এবং এই প্ল্যাটফর্মের কার্যক্রম মৌলিকভাবে পর্যালোচনা করা জরুরি।

জাপানের বাণিজ্যমন্ত্রীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে একটি অনলাইন বৈঠকের বিষয়ে পোস্ট করার পর অনুবাদে তাকে কাতারের জ্বালানি মন্ত্রী হিসেবে দেখানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠকের পোস্টেও একই ধরনের ভুল নামের অনুবাদ করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনবার এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি এক্স-এর অনুবাদ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।