যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর খাত আগামী কয়েক বছরে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর অভাবে পড়তে পারে বলে জানিয়েছে ম্যাককিনসি ও সেমিফাউন্ডেশন। তাদের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির চিপ শিল্পে ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৫৭ হাজার জনশক্তি ঘাটতি তৈরি হতে পারে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে উৎপাদন সক্ষমতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে, ফলে নতুন কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় মানুষের যোগানই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাবে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির বাজারেও দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রে এ খাতে কর্মসংস্থান সংকুচিত হওয়ায় শিক্ষার্থীদের এখন চিপ বা সেমিকন্ডাক্টর শিল্পের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। দেশটির একাধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শিক্ষাক্রম পরিবর্তন করে সেমিকন্ডাক্টর খাতের উপযোগী প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনের জন্য একের পর এক নতুন কারখানা স্থাপিত হচ্ছে, কিন্তু সেই কারখানাগুলো পরিচালনার মতো পর্যাপ্ত প্রকৌশলী ও কারিগরি কর্মী নেই। এই ঘাটতি পূরণেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাইকেল ক্রো জানিয়েছেন, বিশ্বজুড়ে ইন্টেলের জন্য সবচেয়ে বেশি স্নাতক তৈরি করে থাকে তাদের প্রতিষ্ঠান। এখন তারা টিএসএমসির জন্যও একই ধরনের জনশক্তি সরবরাহের অবস্থানে যেতে চান। বিশ্ববিদ্যালয়টির পাশাপাশি টেক্সাস ও অ্যারিজোনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও চিপ শিল্পভিত্তিক নতুন পাঠ্যক্রম চালু হয়েছে।
দক্ষ কর্মী নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে বেতন একটি বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেমিফাউন্ডেশনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের চিপ শিল্পে কর্মীদের বার্ষিক বেতন সাধারণত ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার ডলারের মধ্যে থাকে। উচ্চ পদে এই বেতন ২ লাখ ৩৮ হাজার ডলার ছাড়িয়ে যায়। দক্ষ কর্মীর চাহিদা বেশি থাকায় দক্ষিণ কোরিয়াতেও চিপ খাতের কর্মীদের বেতন-বোনাস উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাইক্রন, স্যামসাং ও এসকে হাইনিক্সের কর্মীদের ধর্মঘটের হুমকির পরিপ্রেক্ষিতে বোনাসের পরিমাণ ৫ লাখ ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয় বলে জানা গেছে।
টেক্সাসের অস্টিনে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন টেলর এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, কর্মী তৈরির পাইপলাইনে পর্যাপ্ত কারিগরি দক্ষতাসম্পন্ন মানুষ নেই, যা তাকে উদ্বিগ্ন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ব্যবস্থা পরিচালনায় উন্নত মেমোরি ও লজিক চিপ প্রয়োজন। সেই চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়াতে বড় বিনিয়োগ চলছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও ইন্টেল ইতিমধ্যে অ্যারিজোনায় নতুন কারখানায় উন্নত প্রযুক্তির লজিক চিপ উৎপাদন শুরু করেছে। স্যামসাংও যুক্তরাষ্ট্রে উন্নত লজিক চিপ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। টেক্সাসের টেলরে নির্মাণাধীন দুটি কারখানার প্রথমটিতে চলতি বছরের শেষ দিকে উৎপাদন শুরুর কথা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


