কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির 'দ্বৈত ব্যবহার' (dual use)-এর ঝুঁকি উল্লেখ করে গ্রাহকদের মডেল ব্যবহারের ওপর নজরদারি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। বুধবার সিঙ্গাপুরে তাদের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সহ-প্রতিষ্ঠাতা বেঞ্জামিন মান এই কথা জানান। বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন সংবেদনশীল তথ্যের ওপর আরও নিয়ন্ত্রণ এবং স্থানীয় ডেটা রেসিডেন্সির দাবি জানাচ্ছে, তখন মান স্পষ্ট করেন যে, অ্যানথ্রোপিক তাদের সবচেয়ে শক্তিশালী মডেলগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়তে ইচ্ছুক নয়। তার মতে, এই প্রযুক্তি কীভাবে নিরাপদে মোতায়েন করা যায় এবং এর অপব্যবহার কীভাবে শনাক্ত ও প্রতিরোধ করা যায়, তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

নিরাপত্তা নিশ্চিত করতে গত সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি 'এন্টারপ্রাইজ ফ্রন্টিয়ার সেফগার্ডস' প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে যোগ্য গ্রাহকদের জন্য ডেটা ধরে রাখার পরিমাণ শূন্য করার পাশাপাশি অপব্যবহার শনাক্ত করার সুরক্ষা ব্যবস্থা বজায় রাখা হবে। অ্যানথ্রোপিক নিয়মিতভাবে প্রকাশ করে যে, কীভাবে বিভিন্ন রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় পক্ষ তাদের 'ক্লড' (Claude) মডেলটি সামরিক বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছে। উদাহরণ হিসেবে তারা উত্তর ইয়েমেনের একটি অস্ত্র উন্নয়ন কোষের কথা উল্লেখ করেছে, যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য এই মডেলটি ব্যবহারের চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে।

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পঞ্চম অফিস হিসেবে সিঙ্গাপুর কার্যালয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানির তথ্য অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে ক্লড ব্যবহারের ক্ষেত্রে সিঙ্গাপুর ১২১টি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। সিঙ্গাপুরের সরকারি প্রযুক্তি সংস্থা 'গভটেক'-এর ১,৫০০-এর বেশি প্রকৌশলী বর্তমানে 'ক্লড কোড' ব্যবহার করছেন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ব্যাংক ডিবিএস, সার্বভৌম সম্পদ তহবিল জিআইসি এবং রাইড-শেয়ারিং জায়ান্ট গ্র্যাব-এর মতো প্রতিষ্ঠানগুলোও অ্যানথ্রোপিকের সঙ্গে কাজ করছে।

তবে এই প্রতিযোগিতামূলক বাজারে অ্যানথ্রোপিক কিছুটা দেরিতে প্রবেশ করেছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে ওপেনএআই সিঙ্গাপুরে তাদের অফিস খোলে এবং স্থানীয় এআই ইকোসিস্টেমে ২৩ কোটি ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি সিঙ্গাপুর সরকার আলিবাবার 'কুয়েন' (Qwen) মডেলের ওপর ভিত্তি করে তৈরি নিজস্ব 'SEA-LION' মডেল এবং ডিপসিকের মতো চীনা ওপেন-সোর্স মডেল ব্যবহারের ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে। ডিজিটাল উন্নয়ন ও তথ্য মন্ত্রী জোসেফিন টিও জানান, খরচ কমাতে ডিপসিকের মতো উদ্ভাবনগুলো অত্যন্ত স্বাগত। ওপেন-রাউটার প্ল্যাটফর্মে এ বছর মার্কিন মডেলের চেয়ে চীনা মডেলের চাহিদাই বেশি দেখা গেছে।

ওপেন-সোর্স মডেলের বিষয়ে বেঞ্জামিন মান কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ওপেন-ওয়েট মডেল একবার জনসমক্ষে চলে আসলে সেগুলোকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এবং এর কোনো কার্যকর সুরক্ষা কবজ থাকে না। এটি পুরো বিশ্বের জন্য একটি বড় ঝুঁকি। অ্যানথ্রোপিক সিইও দারিও আমোদেিও নিরাপত্তা ও নজরদারির কাজ এগিয়ে নিতে এআই মডেল মুক্তির গতি কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যখন মেটা বা ওপেনএআই-এর মতো প্রতিষ্ঠানের এআই এজেন্টগুলো সরকারি ডেটাবেসে হ্যাকিংয়ের মতো অপ্রত্যাশিত আচরণ করছে, তখন এই বিতর্ক আরও তীব্র হয়েছে।

প্রযুক্তির এই লড়াই এখন ভূ-রাজনৈতিক রূপ নিয়েছে। গত জুনে মার্কিন রপ্তানি বিধিনিষেধের কারণে অ্যানথ্রোপিক তাদের 'ফেবল ৫' এবং 'মিথোস ৫' মডেলের অ্যাক্সেস বিশ্বজুড়ে স্থগিত করতে বাধ্য হয়েছিল। যদিও তিন সপ্তাহের মধ্যে তা প্রত্যাহার করা হয়, তবে এই ঘটনাটি প্রমাণ করেছে যে মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল দেশ ও প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের ইচ্ছায় যেকোনো সময় অ্যাক্সেস হারাতে পারে, যা তাদের চীনা বিকল্পগুলোর দিকে ঠেলে দিতে পারে। এ প্রসঙ্গে অ্যানথ্রোপিকের এপিএসি পলিসি প্রধান মাইকেল সেলিটো বলেন, গণতান্ত্রিক এবং মানবাধিকার রক্ষাকারী দেশগুলো যদি ফ্রন্টিয়ার এআই উন্নয়নে নেতৃত্ব দেয়, তবে তা বিশ্বের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। সিঙ্গাপুরের অবকাঠামোতে তাদের শক্তিশালী মডেলগুলো দ্রুত আনার কাজ চলছে বলে জানান বেঞ্জামিন মান।