বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) তাদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ২১০ জন মেধাবী শিক্ষার্থীর সাফল্য উদযাপন করেছে। কেমব্রিজ এবং এডএক্সেল কারিকুলামের অধীনে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ। গত বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কেন্দ্রের মিলনায়তনে এই আয়োজনটি সম্পন্ন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক ম তামিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন কে আয়াজ রাব্বানী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর-পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার এবং চট্টগ্রামের প্রথম এভারেস্টজয়ী বাবর আলী।
বক্তব্য প্রদান করেন আইইউবি-র অ্যাডমিশনস, ফিন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক লিমা চৌধুরী, উপপরিচালক প্রিয়াঙ্কা দে ও আউটরিচ অফিসার মো. ফুয়াদ হোসেন। পাশাপাশি হুইজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুল এবং পরিচালক (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) কাজী আরফাত স্বাগত বক্তব্যসহ প্রয়োজনীয় কথা বলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে চট্টগ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় একটি নৃত্য পরিবেশনার মাধ্যমে, যার পরিচালনা করেন প্রিয়াঙ্কা বড়ুয়া। অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। শুধু সংবর্ধনা নয়, সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে জাদুশিল্পী রাজীব বসাকের জাদু প্রদর্শনী এবং সংগীতশিল্পী শান্তনু দত্তের গান পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।




