বলিউডের দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’ শেষ হতে চলেছে। এই অনুষ্ঠানের অন্তিম মৌসুমের চতুর্থ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুর। সেখানে শোটি বন্ধ হয়ে যাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়ায় কারিনা কাপুর রসিকতার আশ্রয় নেন। তিনি কায়দা করে করণ জোহরের উদ্দেশ্যে বলেন, তিনি এই সিদ্ধান্ত শুনে অত্যন্ত খুশি এবং স্বস্তি পেয়েছেন, কারণ এখন থেকে তাঁদের বারবার এই অনুষ্ঠানে আর আসতে হবে না। কারিনার এমন মন্তব্যের জবাবে করণ পাল্টা রসিকতা করে তাঁর ‘সংবেদনশীলতার’ জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কারিনা ও করণের এই কথোপকথনের মাঝে সাইফ আলী খান মন্তব্য করেন যে, এই শো-তে নিজেকে তাঁর কিছুটা ‘বেমানান’ মনে হয়। ভিডিওতে দেখা গেছে, বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে কারিনা কাকে এক নম্বরে রাখবেন, সেই বিষয়ে করণ তাঁকে একটি মজার প্রশ্ন করেন, যদিও সেই উত্তরটি ভিডিওতে প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ২০১০ সালে যখন সাইফ ও কারিনা প্রেমের সম্পর্কে ছিলেন, তখন প্রথমবারের মতো এই শো-তে হাজির হয়েছিলেন। পরবর্তীতে ২০১২ সালের অক্টোবরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় দেড় দশকের ব্যবধানে পুনরায় একসঙ্গে এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি করেছে।
গত ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে এই শো-এর চূড়ান্ত মৌসুম সম্প্রচারিত হচ্ছে। স্টার ওয়ার্ল্ডে এর যাত্রা শুরু হয়েছিল শাহরুখ খান ও কাজলের অতিথি হিসেবে। প্রথম সিজনেই অমিতাভ বচ্চন তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন। গত ২২ বছর ধরে বলিউডের তারকাদের আড্ডা, গল্প, বিতর্ক এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের ভাঙা-গড়ার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল এই শো। অনেক তারকার গোপন কথা ফাঁস হওয়া থেকে শুরু করে দ্বন্দ্ব তৈরি কিংবা প্রেম শুরু হওয়ার সাক্ষী থেকেছে এই মঞ্চ।
নিজের দীর্ঘ এই যাত্রা প্রসঙ্গে করণ জোহর বলেন, বিনোদন জগতে তাঁর পরিচিতির একটি বড় অংশ জুড়ে রয়েছে ‘কফি উইথ করণ’। দীর্ঘ ২২ বছর পার হয়ে যাওয়ার বিষয়টি তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। তবে এখন তিনি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে সিনেমা পরিচালনায় পূর্ণ মনোযোগ দিতে চান। জীবনের বাকি সময়টা গল্প বলা এবং চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে কাটাতে চেয়ে ভারাক্রান্ত হৃদয়েই তিনি এই মৌসুমটিকে শেষ মৌসুম হিসেবে ঘোষণা করেছেন।




