জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভারতের রাজধানী নয়া দিল্লিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ হাই কমিশন। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান দিবসটির গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক চিন্তা ও পররাষ্ট্রনীতির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক লড়াইয়ের কথা স্মরণ করেন। এছাড়া বর্তমান সময়ে তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রাসঙ্গিকতার বিষয়েও আলোকপাত করেন তিনি।
নয়া দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভাটি পরিচালিত হয়। সভায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন সহকারী ডিফেন্স অ্যাডভাইজার লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ ও কমার্স কাউন্সিলর ইফতেখারউদ্দিন শামীম। মিশনের এইচওসি মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে হাই কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে শনিবার সকাল সাড়ে ৯টায় মিশন প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।




