দেশীয় পণ্যের বৈচিত্র্য তুলে ধরতে ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে ‘সুতোর গল্প: শারদীয় উৎসব’ নামের একটি বিশেষ মেলা। ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রদর্শনীতে দেশি পণ্য ও কারুশিল্পের সমাহার ঘটেছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলাটি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই মেলাটি উন্মুক্ত থাকবে।
এই উৎসবের মূল আকর্ষণ হলো প্রায় ৫০টি বিভিন্ন ব্র্যান্ড, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানের অংশগ্রহণ। এখানে প্রতিষ্ঠিত ও সুপরিচিত বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর পাশাপাশি নতুন প্রজন্মের সৃজনশীল উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি রোজার ঈদ উপলক্ষ করে আয়োজিত ‘সুতোর গল্প’ মেলাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার শারদীয় উৎসবের আয়োজন করা হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রঙ বাংলাদেশ, অঞ্জন’স, কাপড়-ই-বাংলা, অন্যরকম এবং দেশাল। এছাড়া পোশাক বাই তাননাস, মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফটস, কইন্যা, কালিন্দী, সিগনেট, সুতলি, আটকুঠুরি নয় দরজা, বুনো, দয়ীতা, তেরো পার্বণ, পরিণীতা ফ্যাশন, তানি’স বাংলাদেশ এবং ঋতির মতো আরও অনেক ব্র্যান্ড তাদের সৃজনশীল পণ্য নিয়ে হাজির হয়েছে। পাশাপাশি মিতার গল্প, নকশা মিস্ত্রী, গুটিপা, বক্স অব অর্নামেন্টস, মুনমুন’স, সরলা, অয়ন ক্র্যাফটস, পৌরাণিক, বেনে বউ, নিপুণ ক্র্যাফটস, ট্রেন্ডজ, ট্যান, ক্র্যাফট পান্ডা, দীঘল ও শিশু পরিবহনের মতো প্রতিষ্ঠানগুলোও এই মেলায় অংশ নিয়েছে। এছাড়া খুঁত, যথা শিল্প, আজুরা বাই শান্তা কবির, রিংকি’স এ্যাটায়ার, আর্টজেনিকস বাই আনিকা, সীবনী, কল্পতরু, ফারহানা ফ্যাশন, কনক দ্য জুয়েলারি প্যালেস ও কে ক্র্যাফটের মতো উদ্যোক্তাদের কাজও এখানে প্রদর্শিত হচ্ছে। দেশীয় পোশাক ও হস্তশিল্পের প্রতি আগ্রহীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ হয়ে দাঁড়িয়েছে।




