বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সম্প্রতি একটি সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে যে, ঢাকার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক চীনা ভ্লগার একের পর এক ছোট ভিডিও বা 'রিল' তৈরি করছেন। তবে অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, এই ভিডিওগুলোতে ঢাকার দৃশ্যগুলোকে ভারতের স্থান হিসেবে প্রচার করা হচ্ছে। চীনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো লাইভ সম্প্রচার করা হচ্ছে এবং প্রদর্শিত প্রতিটি জায়গাকে নয়াদিল্লির অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনটি ভারত সরকারের নজরে এসেছে। তিনি বলেন, একটি দেশের মাটি ব্যবহার করে অন্য একটি দেশের বদনাম করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর মতে, যারা এই ধরনের মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি ও প্রচার করছেন, তারা কেবল অন্য দেশের ক্ষতি করছেন না, বরং নিজেদের দেশের বিশ্বাসযোগ্যতাও নষ্ট করছেন। যারা এই কাজে সরাসরি জড়িত এবং যারা এর নেপথন কারিগর—উভয় পক্ষই দোষী এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। যেকোনো দেশের বিকৃত চিত্র উপস্থাপনের এই প্রচেষ্টাকে সমর্থন করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করেন।

ব্রিফিং চলাকালীন এই বিষয়ে চীনের সঙ্গে ভারতের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না, তা জানতে চাওয়া হলে জয়সোয়াল কোনো স্পষ্ট উত্তর দেননি। তবে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে প্রথম আলোর একটি প্রতিবেদনে জানা গিয়েছিল, ঢাকার উত্তরা এলাকার অলিগলিতে প্রায় দেড়শ জন চীনা নাগরিক ভোর থেকে রাত পর্যন্ত ভিডিও ধারণ করছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভ্লগাররা এমনকি মানুষের ব্যক্তিগত বাড়িঘরেও ঢুকে পড়ছেন। এই কার্যক্রমের উদ্দেশ্য বা কোথায় এই ভিডিওগুলো ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে স্থানীয়দের কোনো ধারণা নেই। এমনকি থানা-পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে তেমন কোনো নজরদারি করা হচ্ছে না। জানা গেছে, ভিডিও ধারণের জন্য স্থানীয় কিছু নাগরিককে টাকাও প্রদান করছেন ওই চীনা নাগরিকরা।