ইংল্যান্ডের অন্যতম দ্রুতগতির বোলার মার্ক উড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দীর্ঘদিনের পুরনো চোটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হাঁটুর সমস্যার কাছে হার মানলেন এই অভিজ্ঞ পেসার। আগামী জানুয়ারিতে ৩৭ বছরে পা দিতে যাওয়া উডের এই অবসর অনেক আগে থেকেই প্রত্যাশিত ছিল।
গত বছরের নভেম্বরে পার্থে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। সেই ঘটনার পর আর জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ পাননি উড। ডারহামের রিভারসাইড গ্রাউন্ডে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনের আগে আনুষ্ঠানিকভাবে এই অবসরের কথা জানান তিনি।
নাস্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে উড তাঁর মানসিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চোটের সঙ্গে লড়াই করা তাঁকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, আগের সেই বিধ্বংসী বোলিংয়ের উচ্চতায় আর ফিরতে পারবেন না। এছাড়া আগামী সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে তাঁর কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ আর নবায়ন না হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে নতুন প্রজন্মের বোলারদের উত্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি এবং মনে করেন, এখন তাদের সুযোগ দেওয়া এবং চুক্তির কথা ভাবার সঠিক সময়।
২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল মার্ক উডের। মাঠের উদ্যম এবং আমুদে ব্যক্তিত্বের কারণে খুব দ্রুতই দর্শকদের প্রিয়পাত্র হয়ে ওঠেন তিনি। সেই বছরই ট্রেন্ট ব্রিজে নাথান লায়নকে আউট করে ইংল্যান্ডের অ্যাশেজ জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে এউইন মরগানের নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪৬টি ম্যাচে ২৫৩টি উইকেট নিয়েছেন উড। যার মধ্যে ৩৮টি টেস্ট ম্যাচে ৩০.৭৯ গড়ে ১১৯টি উইকেট, ৭০টি ওয়ানডেতে ৮০টি এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৪টি উইকেট শিকার করেছেন। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০১৫ সালের অ্যাশেজ জয়, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।
অবসরের পর তিনি পুরোপুরি ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না। ডারহামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মিডিয়া এবং ধারাভাষ্যের পাশাপাশি লেভেল-৩ কোচিং কোর্সের পড়াশোনা সম্পন্ন করে নতুন পেশায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন উড।




