ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা আর দুঃসাহসিক অভিযানের মিশেলে এক অনন্য ইতিহাস তৈরি করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার সের্জিও বারবোসা। ফিফার স্বীকৃত ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের অধীন লিগে খেলা প্রথম আউটফিল্ড খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই অবিশ্বাস্য যাত্রার পেছনে ছিল সস্তা ফ্লাইটের টিকিট এবং একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের সমর্থন। ওই গ্রুপের তিনশ সদস্য প্রতি মাসে তাঁকে ছয় ডলার করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঠিক করে দেন তিনি কোন ক্লাবে খেলবেন ও তার জার্সির নম্বর কত হবে।

বারবোসার এই যাত্রার শুরুটা ছিল স্বপ্নভঙ্গ দিয়ে। শৈশবে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলে খেলেছিলেন তিনি, যেখানে কিংবদন্তি রোনালদিনহোর মতো তারকাদের সান্নিধ্য পেয়েছিলেন। তবে মূল দলে জায়গা না পেয়ে তিনি নিম্নস্তরের ক্লাবগুলোতে খেলতে শুরু করেন, যেখানে মাসে মাত্র ২০০ ডলার বেতনে কাজ করতে হতো, যা অনেক সময় পাওয়া যেত না। এরপর ২০১৫ সালে কোস্টারিকার লিমন ক্লাবে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি গুয়াতেমালার কোমুনিকাসিওনস এবং হন্ডুরাসের জুটিকালপায় খেলেছেন।

এশীয় ফুটবলের অভিজ্ঞতা নিতে তিনি লাওস ও কম্বোডিয়া হয়ে ২০১৯ সালে ভারতের মিনের্ভা পাঞ্জাবে যোগ দেন। ভারতের অভিজ্ঞতাকে তিনি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় স্মৃতি হিসেবে বর্ণনা করেছেন, কারণ সেখানে পাঞ্জাব, দিল্লি ও রাজস্থানের বিভিন্ন ক্লাবে খেলার পাশাপাশি তিনি অনেক বন্ধু এবং কোচদের ভালোবাসা পেয়েছেন। এরপর তিনি ইউরোপের মাল্টার জেইতুন করিন্থিয়ানস এবং যুক্তরাষ্ট্রের নোনা এফসি ও নেপালের ধনগড়িতে খেলেছেন।

আফ্রিকা ও ওশেনিয়া বাকি থাকায় তিনি প্রথমে অ্যাঙ্গোলার ব্রাভোস দো মাকুইস ক্লাবে যোগ দেন। তবে সেখানে অভিজ্ঞতা ছিল কষ্টকর; প্রাক-মৌসুম প্রস্তুতি চলাকালীন দক্ষিণ আফ্রিকায় তাঁর পা ভেঙে যায়। দীর্ঘ চিকিৎসার পর মাঠে ফিরলেও শেষ পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি, তবে এর মাধ্যমেই আফ্রিকার কনফেডারেশন সিএএফ-এর লক্ষ্য পূরণ হয়।

সর্বশেষ গন্তব্য ছিল ওশেনিয়ার তাহিতি। স্ত্রীর অন্তঃসত্ত্বা থাকা এবং সীমিত সময়ের চাপে তিনি সবচেয়ে সস্তা টিকিটের খোঁজে তাহিতিতে পৌঁছান। সেখানে এএস তোহিয়া ক্লাবের সাথে চুক্তি করার আগে লিগের বৈধতা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত ফিফার স্বীকৃতি নিশ্চিত করে তিনি ক্লাবে যোগ দেন এবং অভিষেকেই দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। পাঁচ ম্যাচে মোট চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে তিনি তাঁর লক্ষ্য অর্জন করেন।

আর্থিক সংকট এবং পারিবারিক কারণে তাহিতিতে বেশিদিন থাকা সম্ভব হয়নি তাঁর। এমনকি সাইক্লোনের কারণে ফ্লাইটে বিঘ্ন ঘটলে এবং টিকিটের দাম তিন হাজার ডলারে পৌঁছালে তাঁর হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা আবারও এগিয়ে আসেন এবং দেশে ফেরার টিকিট কিনে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলারদের বাস্তব জীবনের কঠিন দিকগুলো তুলে ধরার কারণে বর্তমানে তাঁর আড়াই লাখ অনুসারী রয়েছে। বারবোসার লক্ষ্য এখন আফ্রিকার লিগে গোল ও অ্যাসিস্ট করে ছয়টি মহাদেশেই এই কৃতিত্ব পূর্ণ করা।