যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূলে দীর্ঘ ছয় দশকের ব্যবধানে আবারও দেখা মিলল বিশালাকার ব্লুফিন টুনা মাছের। গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের হুইটবি উপকূলে একদিনের ব্যবধানে দুটি ব্লুফিন টুনা ধরা পড়ে, যা সামুদ্রিক প্রাণী সংরক্ষণ প্রচেষ্টায় এক অভাবনীয় সাফল্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ষাটের দশকের পর এই প্রথম উত্তর সাগর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে এই প্রজাতির মাছ ধরা পড়ল। যদিও গত কয়েক বছরে এই অঞ্চলের আশেপাশে মাঝে মাঝে এই মাছের দেখা পাওয়া গিয়েছিল, তবে এভাবে ধরা পড়াটা গবেষকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ধরা পড়া প্রতিটি মাছের ওজন ছিল প্রায় ৩২০ কেজি, যা সাধারণত দক্ষিণ উপকূলে পাওয়া মাছের তুলনায় প্রায় দ্বিগুণ।

ইউনিভার্সিটি অব হালের অধ্যাপক রডনি ফরস্টার এই ঘটনাকে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার একটি সফল উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, সত্তুর ও আশির দশকে ভূমধ্যসাগরের প্রজনন কেন্দ্রগুলোতে অতিরিক্ত মাছ শিকারের ফলে ব্লুফিন টুনা প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। পরবর্তীতে কঠোর সংরক্ষণ পদক্ষেপ গ্রহণের ফলে এদের সংখ্যা পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে এবং এখন তারা বাল্টিক সাগরসহ যুক্তরাজ্যের পুরোনো আবাসস্থলগুলোতে ফিরে আসছে। মেরিন বায়োলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষক ব্রাইস স্টুয়ার্ট মনে করেন, আটলান্টিক টুনা সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থার কার্যকর উদ্যোগের ফলেই এই প্রজাতির সংখ্যা বৃদ্ধি সম্ভব হয়েছে।

গবেষকদের মতে, ব্লুফিন টুনার এই প্রত্যাবর্তনের পেছনে কেবল সংরক্ষণ কার্যক্রমই নয়, বরং উত্তর সাগরের পানির তাপমাত্রা বৃদ্ধিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ায় টুনার প্রধান খাদ্য—হেরিং ও স্প্র্যাটের মতো ছোট মাছের বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যা টুনার খাবারের সহজলভ্যতা বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য যে, কেবল ব্লুফিন টুনা নয়, গত এক দশকে উত্তর সাগরে বটলনোজ ডলফিন ও মিনকে তিমির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে এই প্রজাতির স্থায়ী প্রত্যাবর্তনের পথে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রের পানি দূষণ এবং অবৈধভাবে মাছ শিকারের মতো ঝুঁকিগুলো তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। গবেষকদের প্রত্যাশা, মাছ ধরার নিয়মাবলী কঠোরভাবে পালন এবং যথাযথ সংরক্ষণ ব্যবস্থা বজায় রাখা গেলে ইয়র্কশায়ারের উপকূলে ব্লুফিন টুনা দীর্ঘমেয়াদে টিকে থাকবে এবং এমনকি স্কটল্যান্ডের জলসীমা পর্যন্ত বিস্তৃত হবে।