খায়রুল বাসার ও সুনেরাহ্ বিনতে কামাল — নাট্যাঙ্গনের দুই পরিচিত নাম। এবার তাঁরা একসঙ্গে একটি নতুন রোমান্টিক নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন। পরিচালক ইমরাউল রাফাতের এই নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। শুটিংয়ের ফাঁকে গত শনিবার দুপুরে ফোনে ছয় বছর আগের দিনগুলো স্মরণ করে সুনেরাহ্ জানান, ২০২০ সালের ভালোবাসা দিবসে প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তাঁরা। তখন দুজনেই নবীন শিল্পী, অভিনয় নিয়ে সংগ্রাম করছিলেন। সেই থেকে একসঙ্গে নাট্যাঙ্গনে বেড়ে ওঠা। এখন দুজনেই দর্শকদের কাছে আলোচিত নাম, কাজ করছেন নাটক, সিনেমা ও ওটিটিতে।

সুনেরাহ্ বলেন, ‘এই তো সেদিনের কথা। অথচ ছয় বছর। তখন আমরা দুজনই সবে পথ চলা শুরু করছি, ক্যারিয়ার কী হবে, তা জানি না। মাঝে কত কিছু বদলে গেল। এখন দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি। নিয়মিত কাজ করছি। তবে ভালো লাগছে বাসারের সঙ্গে অভিনয় করছি।’ বাসারের মধ্যে কী পরিবর্তন দেখছেন — এমন প্রশ্নে সুনেরাহ্ হেসে বলেন, ‘বাসার অনেক চুপচাপ একটা ছেলে। প্রথম ওকে এভাবেই দেখতাম। ও খুব বদলায়নি। শুটিংয়ে এসে খুব বেশি কথা বলত না। বাসার আগের মতোই অনেক লক্ষ্মী ছেলে। পরিবর্তন বলতে এখন আরও ভালো অভিনয় করে। ওর মধ্যে কনফিডেন্স লেভেল বেড়েছে। দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে।’

পাশেই বসা ছিলেন খায়রুল বাসার। সুনেরাহ্র কাছ থেকে ফোন নিয়ে তিনি বলেন, ‘২০২০ সালে আমাদের প্রথম কাজ হয়েছিল। সেই থেকে দেখছি, আগের মতোই আছে সুনেরাহ্। খুব বেশি বদলায়নি। আগের মতোই মিটমিট করে হাসে। আর কিছুক্ষণ পরপর খোঁচা দিয়ে বলে, “কী খবর, কেমন চলছে।” মনে হয় গুরুত্বপূর্ণ বা জটিল কিছু একটা বলবে, কিন্তু সেটা আর বলে না। শুধু হাসতে থাকে।’ সুনেরাহ্ সম্পর্কে বাসার আরও বলেন, ‘ও আসলে অনেক ভালো ও মেধাবী একজন অভিনেত্রী। খুব সহযোগিতা করে। আর অভিনয়টা বুঝে করে। আমাদের রসায়নটা ভালো।’

এর আগে তাঁরা একসঙ্গে ‘তোমার পাশে হাঁটতে দিও’ নাটকে অভিনয় করেছিলেন, যা দর্শকদের ভালোবেসেছিলেন। সম্প্রতি ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ দেবর-ভাবি চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তাঁরা। সেই ধারাবাহিকে তাঁদের খুনসুটি দর্শক পছন্দ করেছেন। সুনেরাহ্ বলেন, ‘পরিচালকেরা আমাদের না ডাকলে কীভাবে কাজ করব? এখন অনেকেই আমাদের একসঙ্গে কাজের জন্য গল্প দিচ্ছেন। হয়তো সামনে আরও কাজ হবে।’ বাসার জানান, মোস্তফা কামাল রাজের ধারাবাহিক থেকেই দর্শক নতুন করে তাঁদের জুটি হিসেবে দেখতে চাইছেন। অনেক প্রযোজনা প্রতিষ্ঠানও তাঁদের একসঙ্গে জুটি হিসেবে দেখতে চায়।