দেশের বিনোদন জগতের বহু পরিচিত মুখ এখন শুধু পর্দাতেই সীমাবদ্ধ নেই। অভিনয়ের পাশাপাশি নিজেদের স্বপ্ন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তুলছেন ভিন্ন ভিন্ন ব্যবসা। কারও উদ্যোগ খাবার নিয়ে, কেউ বেছে নিয়েছেন ফ্যাশন বা পারলারের পথ, আবার কেউ যোগ দিয়েছেন ব্যাংকের মতো প্রতিষ্ঠানে। তাঁদের এই ভিন্ন পথচলার খবরই উঠে এসেছে সম্প্রতি।

খাবার নিয়ে নতুন যাত্রা শুরু করছেন অভিনেত্রী তানজিন তিশা। দেড় দশকের বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্রসহ নানা মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার তাঁর সঙ্গে যুক্ত হচ্ছে উদ্যোক্তার পরিচয়। ঢাকার বনানীতে আগামী সেপ্টেম্বর থেকে চালু হবে তাঁর রেস্তোরাঁ ‘ও রিয়েল’। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে। সেখানে জানানো হয়েছে, পরিশীলিত স্বাদ, নান্দনিক পরিবেশ আর ছাদে কাটানো স্মরণীয় সন্ধ্যার নতুন এক জগৎ তৈরি হচ্ছে। ‘টেবিল প্রায় প্রস্তুত’—এমন বার্তায় জানানো হয়েছে, অসাধারণ কিছু পরিবেশনের জন্য প্রায় তৈরি ও রিয়েল। অভিনেত্রী থেকে উদ্যোক্তা—এই যাত্রা কেমন হয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের বাইরে গিয়ে এখন কাজ করছেন একটি বেসরকারি ব্যাংকে। তিন মাসের বেশি সময় ধরে তিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন। তাঁর কাছে এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। নতুন সহকর্মী, নতুন পরিবেশ আর নতুন বন্ধুত্ব—সব মিলিয়ে ব্যাংকের এই কাজটি উপভোগ করছেন তিনি। তবে অভিনয় ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। তমা জানান, অভিনয় তাঁর প্রথম ভালোবাসা এবং আমৃত্যু এই জায়গাতেই কাজ করে যেতে চান। একই সঙ্গে জীবনের অন্যান্য ক্ষেত্র সম্পর্কেও জানার আগ্রহ রয়েছে তাঁর। যেহেতু তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় অভিনয় করেন, তাই বাকি সময় নতুন কিছু শেখার সুযোগকেই কাজে লাগাতে চান।

চিত্রনায়ক সিয়াম আহমেদ ২০২০ সালে দুই বন্ধুকে নিয়ে অনলাইনে ফ্যাশনেবল পোশাকের ব্যবসা শুরু করেন। প্রতিষ্ঠানের নাম ‘হোলাগো’। ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় পরে শোরুমও খোলা হয়। তিন বন্ধুর বাবা-মায়েরা মিলে সেই শোরুমের উদ্বোধন করেন। সিয়ামের কাছে এটি কেবল ব্যবসা নয়, বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মূলত পুরুষদের ফ্যাশনকে কেন্দ্র করে কাজ করছে এই প্রতিষ্ঠান। তরুণদের জন্য ট্রেন্ডি ডিজাইনের পোশাক তৈরি ও বিক্রি করা হয়। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ব্যবসাটি বেশ ভালোভাবে সামলাচ্ছেন সিয়াম।

সন্তানদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন পরীমনি। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়, মা ও শিশুদের প্রয়োজনীয় পণ্য যদি এক জায়গা থেকে সহজে পাওয়া যায়, তবে অনেকেরই সুবিধা হবে। সেই ভাবনা থেকেই জন্ম নেয় অনলাইনভিত্তিক লাইফস্টাইল পণ্যের ব্র্যান্ড ‘ইবডি’। তাঁর লক্ষ্য, মায়েরা যেন কোনো ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় ও আরামদায়ক লাইফস্টাইল পণ্য কিনতে পারেন।

ব্যবসার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক নতুন নয়। প্রায় এক দশক আগে ঢাকার নিকেতনে জিম খুলেছিলেন তিনি, তবে সেই উদ্যোগ পরে বন্ধ হয়ে যায়। কিন্তু থেমে থাকেননি এই অভিনেত্রী। বছর দুয়েক আগে ঢাকার আফতাবনগর আবাসিক এলাকায় শুরু করেন ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। পরে নিকেতনেও চালু করেন আরেকটি শাখা। নিজের এই উদ্যোগ প্রসঙ্গে অপু বলেন, অভিনেত্রী পরিচয়ের বাইরে একটি আলাদা পরিচয় গড়ে তোলার ইচ্ছা থেকেই তিনি এসব ব্যবসায় নামেন। তাঁর মতে, একসময় অন্য কিছু অবলম্বন করেই জীবন পার করতে হবে, সেই চিন্তা থেকেই নতুন ব্যবসার সূচনা।

প্রায় পাঁচ বছর আগে ঢাকার আফতাবনগর এলাকায় ‘চাপওয়ালা’ নামে রেস্টুরেন্ট খোলেন অভিনেতা ওমর সানী। পরে মানিকগঞ্জের সাটুরিয়ায় চালু করেন ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’। ওমর সানী জানান, শ্বশুরবাড়ির খাবার ও আপ্যায়নের বিশেষত্ব আলাদা। তাঁর রেস্টুরেন্টে আসা প্রত্যেক ক্রেতাকে শ্বশুরবাড়ির মেহমান হিসেবেই দেখা হয়। ভাত, খিচুড়ি, পোলাও, গরু ভুনা, মুরগি ভুনা, হাঁস ভুনা, ভর্তা-ভাজি ও ডাল—চেনাজানা বাঙালি খাবারই এখানকার মূল আকর্ষণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোজনরসিকেরা এই রেস্টুরেন্টে খাবারের স্বাদ নিতে আসেন। ঢাকার হেমায়েতপুরে আরেকটি শাখা চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর।

চিত্রনায়ক জিয়াউল রোশানের অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘ভেসতোরা’য় পাওয়া যায় প্যান্ট, শার্ট, টি-শার্টসহ তরুণদের নানা ধরনের পোশাক। ভবিষ্যতে শোরুম খোলার পরিকল্পনাও রয়েছে তাঁর। রোশানের কাছে ‘ভেসতোরা’ শুধু ব্যবসা নয়, ভবিষ্যতের প্রস্তুতিও। তিনি মনে করেন, সারাজীবন সিনেমার নায়ক হয়ে থাকা সম্ভব নয়; একসময় নায়ক জীবন থেকে সরে আসতে হবে। সেই বাস্তবতা থেকেই অভিনয়ের পাশাপাশি ব্যবসার কথা ভেবেছেন তিনি। এর আগে বন্ধুদের সঙ্গে অংশীদারিত্বে কয়েকটি ব্যবসায় যুক্ত ছিলেন রোশান। পরে এককভাবে কিছু করার চিন্তা থেকেই শুরু করেন ‘ভেসতোরা’।