আজ শুক্রবার রাত আটটায় চরকির পর্দায় ধরা পড়বে তারকাদের সেই জমকালো মুহূর্ত। গত ৩ জুলাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র রেকর্ড করা অনুষ্ঠানটি আজ প্রচার হবে। দিনব্যাপী এই আয়োজনে ছিল পুরস্কার বিতরণী, অভিনয়ের মাস্টারক্লাস এবং প্যানেল আলোচনা। রেড কার্পেটে তারকাদের ফ্যাশন, সাক্ষাৎকার, মিলনমেলার বিশেষ মুহূর্ত এবং পুরস্কার জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া—সবই থাকছে এই সম্প্রচারে। ফলে ছুটির রাতে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন প্রিয় তারকাদের আনন্দঘন সেই সব ক্ষণ।
নিজেদের অরিজিনাল কনটেন্ট, সিনেমা ও সিরিজের পেছনের কারিগরদের কাজের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করে চরকি। ২০২৩ ও ২০২৪ সালের কাজের জন্য সাবস্ক্রাইবার চয়েজ (দর্শক ভোট) এবং সমালোচক—দুই বিভাগে ২৩টি করে ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, সবার অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। তিনি বলেন, কনটেন্টটি এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি যেন দর্শকেরা সবাই মিলে উপভোগ করতে পারেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রাকিন আবসার ও রাফসান সাবাব। থাকবে মুবাশশীরা কামাল ইরার কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশনা ‘ফ্লো বাই ইরা’ এবং বিটমসফিয়ারের অ্যাকাপেলা ও বিটবক্সিং। বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও গিয়াসউদ্দিন সেলিম এবং অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, রুমানা রশীদ ঈশিতা ও জাহিদ হাসান।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রায়হান রাফী, আশরাফুল আলম শাওন, অনম বিশ্বাস, আফরান নিশো, নাজিয়া হক অর্ষা, শঙ্খ দাশগুপ্ত, রবিউল আলম রবি, জাহিন ফারুক আমিন, আবু সাঈদ রানা, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, সুমন সরকার, সালেহ সোবহান অনীম, আতিয়া রহমান, বিজয়া রত্নাবলী, ইমন চৌধুরী, রিপন নাথ, শহীদুল ইসলাম, মাশা ইসলাম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু ও সাবিলা নূর। সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘গা ছুঁয়ে বলো’—এতে কণ্ঠ দিয়েছেন তানজীব সরোয়ার ও অবন্তী সিঁথি। গানটির কথা লিখেছেন তানজীব সরোয়ার, সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
আরেকটি সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘লাগে উড়াধুরা’—কণ্ঠে প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন, সুর করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন আল-আমিন হাসান নির্ঝর, প্রীতম হাসান, মেহজাবীন চৌধুরী, মোহাম্মদ তাওকীর ইসলাম, নুহাশ হুমায়ূন, গুলতেকিন খান, এফ এস নাইম, জিন্নাত আরা, তাহসিন রহমান, সালেহ সোবহান অনীম, রুবামা ফাইরুজ, সাথী আকতার, খৈয়াম সানু সন্ধি, অদীপ সিং মানকি, শিহাব নূরুন নবী, রিজভী রিজু, শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মোশাররফ করিম ও জয়া আহসান।
আয়োজনে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তাঁর বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহারের হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এছাড়া ৩ জুলাইয়ের অনুষ্ঠানে ছিল গুণী অভিনেতা তারিক আনাম খানের মাস্টারক্লাস। প্যানেল আলোচনায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্টারক্লাস ও প্যানেল আলোচনার কনটেন্টও শিগগিরই প্রকাশ করা হবে।



