চাকরি ফিরে পাওয়ার এক দফা দাবি জানিয়ে আজ সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংকের একদল চাকরিচ্যুত কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে তাঁদের ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হয়। এই বিক্ষোভ কর্মসূচির কারণে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে এবং চারপাশের নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় আজ সকালে, যখন ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম এবং এই চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই উত্তেজনার পরেই তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর তৎকালীন সরকারঘনিষ্ঠ এস আলম গ্রুপের প্রভাবে প্রায় ১০ হাজার কর্মী কোনো যথাযথ পরীক্ষা ছাড়াই নিয়োগ পেয়েছিলেন। অভিযোগ রয়েছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে বড় একটি অংশ মূল শিক্ষাগত সনদ ছাড়াই চাকরিতে যোগ দিয়েছিলেন এবং তাঁদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের একটি বড় অংশ প্রয়োজনীয় পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান বা অংশ নেননি, যার ফলে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা তাঁদের চাকরি হারান। এই বহিষ্কৃত কর্মীরাই দীর্ঘ সময় ধরে আন্দোলনের সাথে যুক্ত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সকল কর্মকর্তার শিক্ষাগত সনদ যাচাই করার নির্দেশ দিলে চাকরিচ্যুত কর্মকর্তারা পুনরায় রাজপথে নেমে আসেন এবং পুনর্বহালের দাবি জানাতে শুরু করেন।