ব্রাজিলের আমাজন চিরহরিৎ বনের গভীরে বসবাসরত এক বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর সামনে আসার কিছু বিরল ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার রক্ষা সংগঠন ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ মঙ্গলবার এই ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির মতে, অবৈধ কাঠুরে, শিকারি এবং গবাদিপশুর খামারিদের তৎপরতার কারণে এই আদিবাসী গোষ্ঠীটি বর্তমানে চরম হুমকির মুখে পড়েছে, যা এই ছবিগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।

গত সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যে একটি সরকারি দলের সঙ্গে প্রায় ২০ জন ‘আওয়া’ আদিবাসীর একটি ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ ঘটে। বহিরাগতদের সংস্পর্শ থেকে দূরে থাকা এই গোষ্ঠীর সদস্যরা সেই সময়ে খাবারের অনুরোধ জানায়। অধিকার সংগঠনটির জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে বাইরের জগতের মানুষের সঙ্গে আওয়া জনগোষ্ঠীর এমন যোগাযোগের কোনো নজির নেই। মূলত তাদের নিজস্ব ভূখণ্ডে বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশের ফলে বসবাসের জায়গা সংকুচিত হয়ে আসায় এবং খাবারের উৎস কমে যাওয়ায় তারা সম্ভবত এই পদক্ষেপ নিয়েছে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের সংজ্ঞা অনুযায়ী, যেসব আদিবাসী গোষ্ঠী বাইরের পৃথিবীর অস্তিত্ব জানলেও স্বেচ্ছায় বহিরাগতদের সংস্পর্শ এড়িয়ে চলে এবং যাদের সাথে কোনো স্থায়ী সম্পর্ক নেই, তাদের ‘আনকনট্যাক্টেড’ বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী বলা হয়। এই ছবির প্রকাশনাটি ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামক একটি আদিবাসী দলের অনুরোধে করা হয়েছে, যারা অবৈধ খামারি ও কাঠুরেদের বিরুদ্ধে কাজ করে। সংগঠনটির পরিচালক ক্যারোলিন পিয়ার্স উল্লেখ করেন যে, চারপাশের ধ্বংসযজ্ঞের ফলে আমাজনের ছোট একটি অংশে এই গোষ্ঠীটি এখন কোণঠাসা হয়ে পড়েছে এবং প্রচণ্ড চাপের মুখে রয়েছে।

এদিকে, ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ‘ফুনাই’ রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিবরণগুলো তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ফুনাই এবং স্থানীয় সংগঠনগুলোর আশঙ্কা, বাইরের মানুষের সংস্পর্শে এলে সাধারণ রোগজীবাণুর প্রভাবে এই ক্ষুদ্র গোষ্ঠীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যঝুঁকি সর্বনিম্ন রাখার লক্ষ্যে একটি জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। তবে ফুনাই স্পষ্ট করেছে যে, ব্রাজিল সরকার এই গোষ্ঠীর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে আগ্রহী নয় এবং তাদের বিদ্যমান ‘যোগাযোগ না রাখার’ নীতিই বহাল থাকবে।

ফুনাই-এর দেওয়া তথ্য অনুযায়ী, আওয়া গোষ্ঠীটি উত্তর-পশ্চিম মারানহাওয়ের ‘টুপি-গুয়ারানি’ নৃগোষ্ঠীর একটি শাখা। দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে বর্তমানে ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী শনাক্ত করেছে সারভাইভাল ইন্টারন্যাশনাল, যার প্রায় ৯৫ শতাংশ আমাজন অঞ্চলে এবং ১২৪টি শুধু ব্রাজিলেই অবস্থান করছে। মারানহাওয়ের আদিবাসী সংগঠন ‘কোয়াপিমা’ তাদের বিবৃতিতে সতর্ক করেছে যে, অপরিকল্পিত যোগাযোগ এবং বিভিন্ন রোগের সংক্রমণ এই বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে, তাই দায়িত্বশীল সংস্থাদের দ্রুত সতর্ক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রয়টার্স এই ফুটেজগুলোর তারিখ ও স্থান স্বতন্ত্রভাবে যাচাই করতে না পারলেও জানিয়েছে, ১৭ নভেম্বরের আগে অনলাইনে এর কোনো সংস্করণ পাওয়া যায়নি।