ব্লুটুথ প্রযুক্তিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG)। তাদের নতুন সংস্করণ 'ব্লুটুথ কোর ৭.০'-এর একটি ঐচ্ছিক বৈশিষ্ট্য হিসেবে 'ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট' (HDT) আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এই নতুন ফিচারের ফলে ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদানের গতি বর্তমানের তুলনায় প্রায় চার গুণ বৃদ্ধি পাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ব্লুটুথ 'লো এনার্জি' (LE) সমর্থিত ডিভাইসগুলোর সর্বোচ্চ বিট রেট প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বাড়িয়ে ৭.৫ মেগাবিট পর্যন্ত করা হয়েছে।
এই প্রযুক্তির ফলে ব্যবহারকারীরা আরও উন্নত মানের ওয়্যারলেস অডিও এবং মাল্টি-চ্যানেল অডিওর অভিজ্ঞতা পাবেন, কারণ এটি এখন আগের চেয়ে অনেক বেশি ডেটা বহন করতে সক্ষম। শুধু অডিও নয়, বর্ধিত ব্যান্ডউইথের কারণে ডেটা-নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপ্লিকেশন এবং স্পেশাল কম্পিউটিং ডিভাইসগুলোর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা অনেক বাড়বে। এছাড়া দৈনন্দিন ছোটখাটো কাজ, যেমন স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেট করা কিংবা ফিটনেস ডেটা সিংক করার মতো প্রক্রিয়াগুলো এখন আরও দ্রুত এবং নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই পুরো প্রক্রিয়াটি ব্লুটুথ এলই (LE) ডিভাইসের মাধ্যমে পরিচালিত হবে। প্রথাগত অবিচ্ছিন্ন সংযোগের তুলনায় এই পদ্ধতিটি ডিভাইসের বিদ্যুৎ খরচ অনেক কমিয়ে আনে, ফলে ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী হবে।
নতুন এই প্রযুক্তির প্রথম ডিভাইসগুলো ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে আশা করা হচ্ছে যে, আগামী জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাওয়া 'কনজিউমার ইলেকট্রনিক্স শো' (CES)-এ বা তার আগেই ব্লুটুথ এইচডিটি সমর্থিত প্রথম সারির ডিভাইসগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পরবর্তীতে এই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।




