ব্যালন ডি’অরের আসর আসতে এখনও এক মাসের বেশি সময় বাকি। তবে এবারের আয়োজনকে ঘিরে উত্তেজনা যেন আগেই ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। পুরস্কার জয়ের দৌড়ে থাকা তারকারাই মূলত এই উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছেন। কেউ সরাসরি দাবি করছেন নিজের প্রাপ্যতা নিয়ে, আবার কেউ গত মৌসুমের নিজের পরিসংখ্যান তুলে ধরে ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও মনে করছেন, এবারের ব্যালন ডি’অর তাঁরই পাওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর মন্তব্যকে ঘিরে ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইনের প্রতি পরোক্ষ আক্রমণ হিসেবে দেখছেন অনেকে।

কেইনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা সম্পর্কে তাঁর ভাবনা কী, তখন তিনি গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে করা গোলের সংখ্যা স্মরণ করিয়ে বলেছিলেন, “ব্যালন ডি’অর তো আমার হাতে নেই, এটা পুরোপুরি নির্ভর করে ভোটদাতাদের ওপর। ৭৩ গোলই সব বলে দিচ্ছে।” অন্যদিকে, সাবেক ফুটবলার হোর্হে ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল বলেছেন, “আমার ধারণা, ব্যালন ডি’অর বিশ্বের সেরা খেলোয়াড়ের পাওয়া উচিত, এমন কাউকে নয় যে ৮০ গোল করেছে। কারণ, ৮০ গোল করলে তো গোলদাতার জন্য আলাদা পুরস্কার আছে। এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যা মানুষ অনেক সময় বুঝতে পারে না।” যদিও ইয়ামাল কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তাঁর এই মন্তব্যকে কেইনের দিকে ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা।

মোভিস্টার চ্যানেলে প্রচারিত ওই সাক্ষাৎকারে ইয়ামাল আরও বলেন, “বিশ্বের সেরা খেলোয়াড় সেই, যাঁর খেলা দেখে একজন ধারাভাষ্যকারও আনন্দ পায় এবং যাকে দেখে মনে হয় সে অন্যদের চেয়ে আলাদা।” এবারের ব্যালন ডি’অর দৌড়ে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, পিএসজির উসমান দেম্বেলে, কেইন এবং ইয়ামাল—সবাইকে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইয়ামাল এবং এমবাপ্পে সম্প্রতি নিজেদের প্রাপ্যতা নিয়ে খোলামেলা কথা বলেছেন, যা আলোচনার কেন্দ্রে।

ইয়ামাল সাক্ষাৎকারে এ-ও বলেছেন, “এমবাপ্পে এবং আমি—আমরা দুজনই বিশ্বসেরা, তবে আমার মনে হয় এবার পুরস্কারটা আমারই প্রাপ্য। আমার কাছে ব্যাপারটা একেবারেই পরিষ্কার, আর যারা ফুটবল দেখে, তারাও সেটা জানে।” গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জিতেছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে তাঁর সংগ্রহ ২৪ গোল এবং ১৮ অ্যাসিস্ট। তবে এই ব্যক্তিগত পুরস্কার জেতার ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় অবলম্বন স্পেনের হয়ে বিশ্বকাপ জয়—যা তাঁর দাবিকে আরও জোরদার করছে। অন্যদিকে কেইনের ৭৩ গোলের রেকর্ডও যে ভোটারদের মনে দাগ কাটবে, তা বলার অপেক্ষা রাখে না।