দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি রেলপথে এক অভাবনীয় ঘটনা ঘটেছে, যেখানে সাড়ে সাত কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মালবাহী ট্রেন চালানো হয়েছে। গত ১৭ অক্টোবর সমুদ্রতীরবর্তী শহর সালদানহা থেকে যাত্রা শুরু করে ৬৯৬টি বগির এই বিশাল ট্রেনটি। ট্রান্সনেট ফ্রেইট রেল (TFR) নামের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি বিভাগ এই ট্রেনটি পরিচালনা করে। দীর্ঘ ৭ হাজার ৬০২ মিটার দৈর্ঘ্যের এই ট্রেনটি ‘ওর এক্সপোর্ট রেললাইন’ ব্যবহার করে ৭৮২ কিলোমিটার পথ অতিক্রম করে নর্দার্ন কেপের খনিগুলোতে পৌঁছায়। ধীরগতির এই ট্রেনটির পুরো পথ পাড়ি দিতে সময় লেগেছে এক দিন।

টিএফআর-এর দাবি অনুযায়ী, এটি এখন পর্যন্ত বিশ্বের দীর্ঘতম ট্রেনের নতুন রেকর্ড। এর আগে প্রায় ২৫ বছর ধরে অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওরে-র দখলে ছিল এই রেকর্ড, যারা ৬৮২টি বগি নিয়ে ৭.৩৫ কিলোমিটার দীর্ঘ ট্রেন চালিয়েছিল। উল্লেখ্য যে, ১৯৮৯ সালে টিএফআর-এর পূর্বসূরি স্পুরনেট ৭.২ কিলোমিটার দীর্ঘ ট্রেন চালিয়েছিল, তবে ২০০১ সালে অস্ট্রেলিয়া সেই রেকর্ড ভেঙে দেয়। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো অস্ট্রেলিয়ার নামেই রয়েছে। এই নতুন রেকর্ডের স্বীকৃতি পেতে টিএফআর বর্তমানে গিনেস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে, যদিও নিয়ম অনুযায়ী রেকর্ডের চেষ্টার আগেই আবেদন করার কথা ছিল।

এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল রেকর্ড গড়া ছিল না, বরং রেল পরিচালনার প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা। টিএফআর-এর প্রধান নির্বাহী রাসেল বাটজিস জানান, এই অভিজ্ঞতা ভবিষ্যতে রেল ব্যবস্থার উন্নয়ন ও নতুন উদ্ভাবনে সহায়ক হবে। পরীক্ষামূলক এই ট্রেনটির ৬৯৬টি বগিতে কোনো মালামাল ছিল না, তা সত্ত্বেও এর মোট ওজন ছিল ১৫ হাজার ৮৩০ টন। সাধারণ রেলপথে এত বিশাল ট্রেন চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ সাধারণত এই পথে সর্বোচ্চ ৩৪৮টি বগির ট্রেন চলে।

এত বড় ট্রেনের চাপ ও টান সামলাতে ‘রেডিও ডিস্ট্রিবিউটেড পাওয়ার’ নামক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ১২টি বৈদ্যুতিক ও ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিনকে তারবিহীন রেডিও সংকেতের সাহায্যে সমন্বিত করা হয়, যাতে ব্রেকিং এবং ইঞ্জিনের শক্তি পুরো ট্রেনজুড়ে সমানভাবে ছড়িয়ে থাকে। ট্রেনের দৈর্ঘ্য এত বেশি ছিল যে কোনো রেল ইয়ার্ডে তা জায়গা না হওয়ায় মূল লাইনের ওপরই ২৩২টি করে বগি নিয়ে তিন অংশে এটিকে জোড়া দেওয়া হয়। তবে গবেষণায় সতর্ক করা হয়েছে যে, দীর্ঘ ট্রেনের ক্ষেত্রে বারবার চাপ ও ধাক্কার ফলে চাকা এবং রেললাইনের কাঠামোগত ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।