গত শনিবার সন্ধ্যায় রাজধানীর কামাল সরণির পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সম্মেলনকক্ষে ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সাদামাটা অনুষ্ঠান আয়োজিত হয়। ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের ব্যবস্থা করে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এ আয়োজনে বক্তারা ভাষা আন্দোলনে আহমদ রফিকের আত্মত্যাগ, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসচর্চায় তাঁর নিরলস চেষ্টা এবং রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় তাঁর অবদান স্মরণে আনেন।
আলোচনায় উঠে আসে, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আহমদ রফিকের কর্মজীবন ও তাঁর রচিত গ্রন্থ নিয়ে চর্চা ও গবেষণার পদক্ষেপ নেয়, তবে নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা ও সাহিত্যচর্চার বিচিত্র দিক তুলে ধরা সম্ভব। তাই বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় আহমদ রফিকের অবদান নিয়ে উচ্চতর গবেষণার উদ্যোগ গ্রহণের জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মূইজ। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি ও চিকিৎসক মুনীর সিরাজ। অতিথিরা আহমদ রফিকের দীর্ঘ ও কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম, মাহমুদ হাশিম, ইশরাত রহমান নাদিয়া ও রাসেল সরদার স্মৃতিচারণা করেন।
সাংস্কৃতিক পর্বে আহমদ রফিকের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হাসান সালেহ জয়। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নটর ডেম কলেজের শিক্ষক ও ছায়ানটের শিল্পী মঞ্জুয়ারা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।




