ভারতে তরুণ প্রজন্মের বা জেন-জিদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক আন্দোলনের গতিধারা নাটকীয় মোড় নিয়েছে। গত জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে এক ধরণের বিজয়োল্লাস ছড়িয়েছিল তরুণদের মধ্যে। তবে তিন মাস অতিক্রান্ত হতে না হতেই সেই পরিবেশ বদলে গেছে। বর্তমানে বিক্ষোভকারী শিক্ষার্থীদের একত্রিত হতে চরম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে বলে বিবিসি-র প্রতিবেদনে জানানো হয়েছে।
গত মাসে ভোটাধিকারের দাবিতে 'ককরোচ জনতা পার্টি-সিজেপি' বিক্ষোভের ডাক দিলেও কঠোর সরকারি বিধিনিষেধের কারণে শত শত শান্তিপূর্ণ আন্দোলনকারীকে আটক করা হয়। মূলত তরুণ প্রজন্মের গভীর হতাশা থেকে এই আন্দোলনের জন্ম হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ ও কৌতুকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তিশালী ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ্যে তাঁর সমালোচনা ও বিদ্রূপ শুরু করেন এই প্রজন্ম, যা রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের অলিখিত প্রথা ভেঙে দেয়। তবে বর্তমানে মোদি সরকার জননিরাপত্তার দোহাই দিয়ে ভিন্নমত দমনের পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। গ্রীষ্মের আন্দোলনে সরকার যে কিছুটা ছাড় দিয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে এখন আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই দমন-পীড়নের অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম। তাঁর মতে, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা অবশ্যই আইনের আওতায় থাকতে হবে এবং অন্যের অধিকার ক্ষুণ্ন করে বা জননিরাপত্তা বিঘ্নিত করে এই অধিকার প্রয়োগ করা সম্ভব নয়। অন্যদিকে, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক যামিনী আয়ার মনে করেন, এই আন্দোলন জাতপাত বা অর্থনৈতিক শ্রেণির গণ্ডি ছাড়িয়ে বিজেপির নিজস্ব সমর্থকগোষ্ঠীর নিম্ন আয়ের ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদের মধ্যেও ছড়িয়ে পড়েছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিক্ষোভকারীদের একজন সাখি জানান, তাদের প্রজন্মের কাছে কৌতুক এখন কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার নতুন ভাষা। তবে এই সাহসী অবস্থানের মূল্য দিতে হচ্ছে তাঁদের। সাখির মতো অনেক আন্দোলনকারী অনলাইনে ব্যক্তিগত আক্রমণ, পোশাক নিয়ে সমালোচনা এবং এমনকি ধর্ষণের হুমকির সম্মুখীন হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাদের পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে।
আইন বিশেষজ্ঞদের মতে, সরকার এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আন্দোলনকারীদের মধ্যে ভীতি ছড়িয়ে দিচ্ছে। লয়েড ল’ কলেজের সহকারী অধ্যাপক আলী খান বলেন, অনেক মামলায় শেষ পর্যন্ত খালাস মিললেও বছরের পর বছর ধরে চলা বিচার প্রক্রিয়াই এখানে এক ধরণের শাস্তি হিসেবে কাজ করছে, যা অন্যদের নিরুৎসাহিত করে। সংবিধানবিষয়ক আইনজীবী বৃন্দা গ্রোভার মনে করেন, অহিংস আন্দোলনের ওপর আরোপিত এই বিধিনিষেধ মাত্রাতিরিক্ত।
ইতিহাসের সাথে তুলনা করে সিজেপি নেতারা বর্তমান পরিস্থিতিকে ১৯৭৫ সালের ইন্দিরা গান্ধী আমলের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন। এছাড়া ২০২০ সালের কৃষি আইন বিরোধী আন্দোলন এবং ২০১৯-২০ সালের নাগরিকত্ব আইনের বিক্ষোভের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যেখানে কঠোর দমন-পীড়ন এবং উমর খালিদের মতো কর্মীদের দীর্ঘমেয়াদী কারাবাসের উদাহরণ রয়েছে।
বর্তমানে বিক্ষোভের গতি কিছুটা কমলেও আন্দোলনকারীরা দমে যাননি। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রানকা তিহার জেলে বন্দি থাকলেও মুক্তির পর আশাবাদী কথা বলেছেন। তাঁর মতে, তারা একটি তরুণ প্রজন্ম এবং সময় তাদের পক্ষেই আছে। পাশাপাশি, ১ নভেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে 'ইন্ডিয়া ব্লক'-এর সমাবেশ প্রমাণ করেছে যে বিরোধী দলগুলো এই তরুণদের শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। যন্তর মন্তরের মতো পরিচিত বিক্ষোভ স্থানগুলোকে সরকারি তালিকা থেকে বাদ দেওয়া হলেও আদালতে তা চ্যালেঞ্জ করা হয়েছে।




