ভারতে কোমল পানীয়র বাজারে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঐতিহ্যবাহী জিরার স্বাদে তৈরি দেশীয় পানীয় বা ‘জিরাপানি’র ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে কোকাকোলা এবং পেপসির মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ভোক্তাদের মধ্যে এখন দেশীয় স্বাদ এবং তুলনামূলক স্বাস্থ্যকর পানীয়র প্রতি আগ্রহ বাড়ছে, যার ফলে বৈশ্বিক কোম্পানিগুলোর বাজার অংশীদারিত্ব ৯৩ শতাংশ থেকে কমে ৮৫ শতাংশে নেমে এসেছে। বিপরীতে, দেশীয় স্বাদের পানীয়গুলোর সম্মিলিত অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ শতাংশে।
এই বিপ্লবের অন্যতম প্রধান কারিগর ‘লাহোরি জিরা’। ২০১৭ সালে পাঞ্জাবের তিন চাচাতো ভাই—সৌরভ মুঞ্জাল, নিখিল দোদা এবং সৌরভ ভুটনা পারিবারিক অর্থায়নে এই ব্র্যান্ডটি চালু করেন। তাদের এক ঘরোয়া পরীক্ষার মাধ্যমে তৈরি এই পানীয়টি বর্তমানে বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র ১০ রুপির সাশ্রয়ী মূল্যে এই পানীয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। আর্চিয়ান ফুডসের প্রধান নির্বাহী সৌরভ মুঞ্জাল জানান, তাদের পণ্যের চাহিদা এতটাই বেশি যে দৈনিক ১২ লাখ বোতল উৎপাদন করেও তা পূরণ করা সম্ভব হচ্ছে না। চলতি বছর লাহোরি জিরার সম্ভাব্য আয় ১১ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাহোরি জিরা ছাড়াও ভারতের বাজারে বর্তমানে একাধিক ব্র্যান্ড সক্রিয়। এর মধ্যে মুম্বাইয়ের এক্সোটিক ফ্রুজুসের ‘জিরু’, মুকেশ আম্বানির ক্যাম্পা কোলার ‘ক্যাম্পা জিরা’, হাউস অব বিন্দুর ‘ফিজ জিরা মাসালা’ এবং পার্ল অ্যাগ্রোর ‘ঢিশুম’ উল্লেখযোগ্য। হাউস অব বিন্দুর পরিচালক মেঘা শঙ্কর জানান, জিরাপানির জনপ্রিয়তার কারণে গত পাঁচ বছরে তাদের কোম্পানির মোট আয় ২০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে পৌঁছেছে।
বাজার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে জিরাপানির বাজারমূল্য ছিল ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, যা ২০৩৩ সালের মধ্যে দ্বিগুণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি অনলাইন ডেলিভারি সংস্থার তথ্যানুযায়ী, গত গ্রীষ্মে জিরাপানির অনলাইন অর্ডার ৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সৌরভ মুঞ্জালের মতে, দীর্ঘকাল ধরে বড় কোম্পানিগুলো বলিউড তারকা এবং ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে একটি পশ্চিমা পানীয় সংস্কৃতি তৈরি করেছিল। তবে এখন দেশীয় ব্র্যান্ডগুলো জিরা, তেঁতুল, কাঁচা আম এবং কোকুম ফলের মতো স্মৃতিমাখা দেশীয় স্বাদের মাধ্যমে সেই প্রবণতাকে বদলে দিচ্ছে।
তবে এই সাফল্যের পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এসপি জেইন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যাপক রাজীব আগরওয়াল মনে করেন, জিরাপানির বাজার হয়তো কোলার মতো এতো বিশাল হবে না। এছাড়া বড় পুঁজি সম্পন্ন কোম্পানিগুলোর আগ্রাসী প্রবেশ এবং কাঁচামালের মূল্যবৃদ্ধি ছোট উদ্যোক্তাদের মুনাফায় চাপ সৃষ্টি করতে পারে। ১০ রুপির নির্দিষ্ট মূল্যস্তরটি যেমন জনপ্রিয়তার কারণ, তেমনি কাঁচামালের দাম বাড়লে তা হয়ে উঠতে পারে বড় ঝুঁকি। এই পরিস্থিতি মোকাবিলায় বোতলের আকার ছোট করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী সৌরভ মুঞ্জাল। তিনি মনে করেন, বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারলে আগামী প্রজন্ম কোলার বদলে ভারতের এই ঐতিহ্যবাহী জিরাপানি পান করবে। সেই লক্ষ্যেই আগামী কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন তিনি।




