বিলাসপণ্যের বৈশ্বিক মন্দা ও অর্থনৈতিক অস্থিরতার মাঝেও চমকপ্রদভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রায় দেড়শ বছরের পুরোনো ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড বারবেরি। গত বছরের লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি পুনরায় মুনাফার ধারায় ফিরেছে, যার মূলে রয়েছে তাদের নতুন বাজারজাতকরণ কৌশল ও পণ্যের মূল্যে বৈচিত্র্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া ছয় মাসে বারবেরির করপূর্ব মুনাফা দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ পাউন্ড। অথচ পূর্ববর্তী বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান ছিল ৪ কোটি ৮০ লাখ পাউন্ড। এক বছরের ব্যবধানে তাদের আর্থিক ফলাফলে প্রায় ৬ কোটি ৭০ লাখ পাউন্ডের ইতিবাচক পরিবর্তন এসেছে এবং মোট বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি পাউন্ডে।

বারবেরির এই সাফল্যের পেছনে প্রধান ভূমিকা রেখেছে 'পিরামিড অব প্রাইসিং' বা স্তরভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশুয়া শুলম্যান জানান, তারা পণ্যগুলোকে এমনভাবে সাজিয়েছেন যাতে সাধারণ বিলাসপণ্যপ্রেমী থেকে শুরু করে অতি ধনী ক্রেতা—সবাই তাদের পছন্দমতো পণ্য পান। উদাহরণস্বরূপ, তাদের তালিকায় রয়েছে ৮৫ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা) সুতি ও কাশ্মীরি উলের মোজা এবং ১৯৫ পাউন্ডের (প্রায় ৩২ হাজার টাকা) স্কার্ফ। অন্যদিকে, উচ্চবিত্ত ক্রেতাদের জন্য রয়েছে ৯ হাজার পাউন্ডের (প্রায় ১৫ লাখ টাকা) বেশি দামের চামড়ার কোট ও দামী হাতব্যাগ। এই কৌশলের ফলে তারা একদিকে যেমন নতুন ক্রেতাকে আকর্ষণ করতে পারছে, অন্যদিকে বিলাসপণ্যের বাজারে নিজেদের আভিজাত্য ধরে রাখতে সক্ষম হয়েছে।

আঞ্চলিক বাজারের হিসেবে চীনে তাদের বিক্রি বেড়েছে ১৫ শতাংশ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকায় ১৪ শতাংশ। তবে ইরান কেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে ১ শতাংশ করে বিক্রি হ্রাস পেয়েছে। সিইও শুলম্যানের মতে, বর্তমানে বিলাসপণ্যের অস্বাভাবিক উচ্চমূল্যে ক্রেতারা কিছুটা ক্লান্ত, তাই শুধুমাত্র ব্র্যান্ডের পরিচিতি নয়, বরং দামের বিপরীতে পণ্যের প্রকৃত মানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে চীনের ক্রেতারা বারবেরির এই মানের ভারসাম্যকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সংস্কৃতি ও উৎসবকে কেন্দ্র করে বিশেষ পণ্য বাজারে এনে তারা বিক্রয় প্রবৃদ্ধি ৬ শতাংশে উন্নীত করেছে।

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে প্রতিষ্ঠানটি 'বারবেরি ফরওয়ার্ড' নামক একটি পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় তারা তাদের ঐতিহ্যের মূলে ফিরে গিয়ে ট্রেঞ্চকোট, রেইনকোট, জ্যাকেট এবং বিশেষ নকশার 'কটসওল্ড' সংগ্রহের ওপর জোর দিয়েছে। গত গ্রীষ্মে গ্যাবার্ডিন কাপড়ের রেইনকোট ও হালকা জ্যাকেটের ব্যাপক চাহিদা দেখা গেছে। এছাড়া আন্তর্জাতিক পর্যটন হ্রাস পাওয়ায় পর্যটকদের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় ক্রেতাদের গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও বিলাসপণ্যের সামগ্রিক বাজার এখনো পুরোপুরি সংকটমুক্ত নয় এবং উচ্চমূল্যের পণ্যের ক্ষেত্রে ক্রেতাদের সতর্কতা বজায় রয়েছে, তবে পণ্যের গুণগত মান, ঐতিহ্য এবং দামের সঠিক সমন্বয় ঘটিয়ে বারবেরি তাদের ঐতিহাসিক অবস্থানে ফেরার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।