আট বছর আগে ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দেওয়া বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি দাবি করেছেন, স্যান্ডপেপার বা সিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করার ওই নিষিদ্ধ কর্মকাণ্ডের কথা পুরো অস্ট্রেলিয়া দল জানত। যদিও তৎকালীন তদন্তে এই দায় কেবল ব্যানক্রফট, অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ওপর চাপানো হয়েছিল, তবে ব্যানক্রফটের মতে, এই ষড়যন্ত্রে দলের প্রায় সবাই সম্পৃক্ত ছিলেন।
সম্প্রতি সতীর্থ উসমান খাওয়াজা তার আত্মজীবনীতে এই ঘটনার কথা উল্লেখ করলে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স তা অস্বীকার করেন। কামিন্সের এই প্রতিক্রিয়ায় ব্যথিত ও নিঃসঙ্গ বোধ করে ব্যানক্রফট চার হাজার শব্দের একটি বিবৃতিতে সত্যটা প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তিনি স্বীকার করেন যে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিক তদন্তের সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। অন্যদের রক্ষা করতে এবং তদন্ত প্রক্রিয়া সহজ করতে তিনি কখন থেকে স্যান্ডপেপার ব্যবহার শুরু করেছিলেন এবং কারা এতে জড়িত ছিলেন, তা গোপন রেখেছিলেন।
ব্যানক্রফটের বর্ণনা অনুযায়ী, পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির সময় ড্রেসিংরুমে বলের রিভার্স সুইং বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় প্রধান কোচ ড্যারেন লিমান এবং বোলিং কোচ ডেভিড স্যাকসহ অধিকাংশ খেলোয়াড় উপস্থিত ছিলেন। তিনি জানান, ডেভিড ওয়ার্নারই প্রথম স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন। যদিও ব্যানক্রফট ব্যক্তিগতভাবে এই কাজটি ভুল এবং নৈতিকতাবিরোধী মনে করেছিলেন, কিন্তু দলের জয়ের লক্ষ্যে তাকে এই প্রতারণায় অংশ নিতে বাধ্য করা হয়।
মাঠে থাকাকালীন বল বিকৃত করার কাজ কতটা কার্যকর হচ্ছে, তা জানতে তিনি নিয়মিত বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড এবং মিচেল মার্শের সঙ্গে কথা বলতেন। এমনকি উইকেটকিপার টিম পেইনের কাছ থেকেও বলের মুভমেন্ট নিয়ে মতামত নিতেন। বোলারদের ফিডব্যাকের ভিত্তিতেই তিনি বলের ওপর স্যান্ডপেপারের পরিমাণ বাড়াতেন বা কমানোর সিদ্ধান্ত নিতেন। ব্যানক্রফট আরও দাবি করেন, তার এই ভূমিকার জন্য কোচিং স্টাফ এবং সতীর্থদের কাছ থেকে তিনি প্রশংসা ও উৎসাহ পেয়েছিলেন, বিশেষ করে ডেভিড স্যাকের কাছ থেকে। তবে এই পুরো প্রক্রিয়ার একমাত্র প্রতিবাদ করেছিলেন মিডিয়া ম্যানেজার কেট হাচিসন, যিনি স্পষ্টভাবে এটিকে অন্যায় বলে অভিহিত করে আলোচনা থেকে সরে দাঁড়িয়েছিলেন।
কেপ টাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল ঘষার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার আগে পর্যন্ত এই প্রক্রিয়াটি দলের ভেতর অত্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বলে জানান ব্যানক্রফট। তার মতে, মাঠের ভেতর কোচ ডেভিড স্যাক তাকে আরও বেশি করে বল ঘষতে নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ আট বছর ধরে এই সত্য গোপন রাখার মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন যখন জনসম্মুখে এই ঘটনার কথা অস্বীকার করা হচ্ছে, তখন চুপ থাকা তার পক্ষে সম্ভব ছিল না।




