বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বনাঞ্চলে গবেষণার মাধ্যমে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে শনাক্ত হয়েছে 'স্ট্রাইপড কিলব্যাক' (Hebius parallelus) এবং চট্টগ্রামের দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে পাওয়া গেছে 'বিন্দি কিলব্যাক' (Rhabdophis bindi)। এ ছাড়া গবেষণায় Dendrelaphis haasi এবং Dendrelaphis cyanochloris নামের আরও দুটি প্রজাতির উপস্থিতির প্রমাণ মিলেছে, যা বাংলাদেশের জন্য নতুন রেকর্ড হিসেবে গণ্য করা হচ্ছে।

বন বিভাগের 'টেকসই বন ও জীবিকা' (সুফল) প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই গবেষণাটি পরিচালিত হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৪৮৮ কিলোমিটার এলাকায় দিন-রাত মিলিয়ে ৭৫ দিনব্যাপী জরিপ চালান গবেষক দল। এই দলে ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের মো. সোহেল রানা, নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির সজীব বিশ্বাস, ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার মাহি ওয়াসিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’-এ এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

নতুন শনাক্ত হওয়া স্ট্রাইপড কিলব্যাক সাপটির দেহ গাঢ় বাদামি এবং মাথা থেকে লেজ পর্যন্ত শরীরের দুই পাশে লম্বা ডোরাকাটা দাগ রয়েছে। এটি মূলত পাহাড়ি ছড়া, ঝোপঝাড় ও শুকনো পাতার নিচে থাকে। অন্যদিকে, বিন্দি কিলব্যাক সাপটির গায়ের রঙ বাদামি এবং ঘাড়ের পেছনে লাল টিপের মতো একটি বিশেষ দাগ রয়েছে, যার কারণে এর এমন নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, বিন্দি কিলব্যাক আগে বান্দরবানের রুমায় একবার দেখা গেলেও এবার বৈজ্ঞানিক প্রমাণ ও জেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে একে নিশ্চিত করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ১০টি নমুনার ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে এবং সংগৃহীত নমুনাগুলো গাজীপুরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারে সংরক্ষণ করা হয়েছে।

জরিপ চলাকালীন গবেষকেরা মোট ৩৬ প্রজাতির ২০৮টি সাপের তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি কর্ণফুলী নদীর মোহনায় দুটি সামুদ্রিক সাপের উপস্থিতির প্রমাণ মিলেছে—একটি বিকড সি স্নেক (Hydrophis schistosus) এবং অন্যটি রাসেলস সি স্নেক (Hydrophis obscurus)। নদীতে এদের পাওয়া যাওয়ায় কম লবণাক্ত পানিতেও সামুদ্রিক সাপের বিচরণের নতুন প্রমাণ পাওয়া গেল।

তবে নতুন প্রজাতি পাওয়া গেলেও গবেষকেরা এসব প্রাণীর আবাসস্থল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বন উজাড়, কৃষিজমির বিস্তার, দূষণ এবং বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের ফলে সাপের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। গবেষণার এক বছরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ২৫টি সাপের মৃত্যু হয়েছে, যার মধ্যে বিপন্ন প্রজাতি রেটিকুলেটেড পাইথনও রয়েছে। বিশেষ করে কাপ্তাই জাতীয় উদ্যানের সড়কটি সাপের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন আগামীতে সাপের বসবাসের পরিবেশ আরও সংকুচিত করতে পারে বলে আশঙ্কা করেছেন অধ্যাপক আশীষ কুমার দত্ত।