হবিগঞ্জে রাজনৈতিক দুই দলের পাল্টাপাল্টি অনুষ্ঠানের কারণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে হবিগঞ্জ পৌর এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে ‘জুলাই পদযাত্রা’ শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করে এনসিপি। সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি ও হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রশাসনের আদেশে বলা হয়, যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি হওয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, যেকোনো যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এ ধরনের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক জি এম সরফরাজ জানান, জননিরাপত্তা নিশ্চিত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই আদেশ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।