বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত ‘অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর। গত ১৯ জুলাই শুরু হওয়া এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশের প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি এবং ওরেগন ন্যাশনাল গার্ড।

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা বিষয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার ধারাবাহিকতায় এই মহড়া পরিচালিত হয়। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে আসছে। এই অনুশীলনের মূল লক্ষ্য ছিল পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ অভিযানের সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করা।

মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে অনুশীলন সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সনদ এবং স্মারক হিসেবে ‘ইনসিগনিয়া’ প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর, সিলেট অঞ্চলসহ উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অতিথি এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। মহড়াটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও পেশাদারিত্বের সম্পর্ক আরও দৃঢ় করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।