বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গত বুধবার দুপুরে শাহরিয়ার করিম নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত। এই সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আটকের পর প্রথমে তাকে বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর থানায় স্থানান্তর করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহরিয়ার করিম ঝিনাইদহ পৌরসভার আরাপপুর উকিলপাড়ার বাসিন্দা। তার গ্রামের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে। পরিবারের দাবি, তিনি চিকিৎসার জন্য বৈধ প্রক্রিয়ায় ভারতীয় ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন। ২০২৪ সালে তার নামে একটি মামলা হয়েছিল। সেই মামলায় তিনি আদালতের জামিনে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, বুধবার রাতে শাহরিয়ারকে বেনাপোল থেকে থানায় আনা হয়। ঝিনাইদহ শহরে ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শাহরিয়ার করিমের ফুফাতো ভাই খালিদ বিন শিশির বলেন, ২০২৪ সালে তার নামে একটি মামলা হয়। সেই মামলায় জামিন পেয়ে তিনি নিজ বাসাতেই ছিলেন। বুধবার চিকিৎসার জন্য বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।