দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও সিলেটের বিশাল এলাকা প্লাবিত হওয়ায় সেখানে বসবাসকারী মানুষ মারাত্মক সংকটের মুখোমুখি হয়েছেন। এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশ বিমানবাহিনী দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে ফেসবুক পেজে এক বিবৃতিতে এই খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশনা অনুযায়ী সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে সাতকানিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ সরবরাহ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

একই দিনে বিমানবাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত পরিবারের মধ্যে শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়। আইএসপিআর জানায়, বর্তমান দুর্গত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবাহিনীর এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চলতে থাকবে। উদ্ধার অভিযানের জন্য বিমানবাহিনীর উদ্ধারকারী দল ও হেলিকপ্টার সব সময় প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যে বিমানবাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সক্রিয় করা হয়েছে, যা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আইএসপিআরের বার্তায় আরও বলা হয়, দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।