লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার চার পুলিশ সদস্যকে আটক এক মাদক কারবারিকে মুক্তি দেওয়ার ঘটনায় প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর একদিন পর শুক্রবার (২৫ জুলাই) জেলা পুলিশ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহাদত হোসেন। তার সঙ্গে রয়েছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রওশন কবীর। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত উভয় ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া ও তুহিন মিয়া এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাকিম ও লুৎফর রহমান। ঘটনার বিবরণ থেকে জানা গেছে, গত ১৭ জুলাই বিকেলে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদে (ইউপি) অভিযুক্ত চার পুলিশ সদস্য সন্দেহভাজন এক মাদক কারবারিকে নিয়ে যান। সঙ্গে আনা হয় একটি সাদা প্রাইভেট কার, একটি মালিকবিহীন মোটরসাইকেল এবং কিছু মাদকদ্রব্য। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপির দুই সদস্য ও এক চৌকিদারের উপস্থিতিতে ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয় এবং পরে তাকে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ হয়েছে। এই ঘটনায় জড়িত চৌকিদার রবিউল ইসলাম শনিবার (২৫ জুলাই) জানান, এসআই তুহিন মিয়া তাকে একটি সাদা কাগজ কিনে আনতে বলেন। কাগজ এনে দিলে ওই কাগজে মুচলেকা লেখা হয় এবং আটক ব্যক্তির স্বাক্ষর নেওয়া হয়। তবে ওই কাগজে কী লেখা ছিল তা তিনি জানেন না। অন্যদিকে, মালিকবিহীন মোটরসাইকেলটি রংপুর থেকে আসা এক ব্যক্তি নিয়ে গেছেন বলে জানিয়েছেন আরেক চৌকিদার মো. শামীম। তদন্ত কমিটির প্রধান শাহাদত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রত্যাহারকৃত কর্মকর্তাদের মধ্যে তুহিন মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বাকি তিনজনের ফোনও বন্ধ পাওয়া গেছে। জেলা পুলিশ সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।
মাদক কারবারি ছাড়তে টাকা নেওয়ার অভিযোগ, লালমনিরহাটে চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের প্রত্যাহার করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।




