যুক্তরাজ্যে উচ্চশিক্ষার খরচ কিছুটা লাঘবের লক্ষ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন একটি বৃত্তি প্রকল্প ঘোষণা করেছে বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন। 'বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬' নামের এই উদ্যোগের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তাদের প্রথম বর্ষের টিউশন ফিতে ১ হাজার পাউন্ড থেকে সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পেতে পারেন।
এটি একটি পূর্ণাঙ্গ বৃত্তি নয়, বরং টিউশন ফি-এর একটি নির্দিষ্ট অংশ মওকুফ করার ব্যবস্থা। ফলে জীবনযাত্রার ব্যয়, বিমান টিকিটের মূল্য কিংবা ভিসা সংক্রান্ত খরচ এই বৃত্তির আওতায় পড়ে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃত্তিটি সরাসরি নগদ অর্থ হিসেবে প্রদান করা হবে না; শিক্ষার্থী ভর্তি হওয়ার পর তার টিউশন ফি থেকে নির্ধারিত পরিমাণ অর্থ কেটে নেওয়া হবে।
কে পেতে পারেন এই সুযোগ? আবেদনকারীকে অবশ্যই 'ওভারসিজ' বা আন্তর্জাতিক ফি প্রদানকারী শিক্ষার্থী হতে হবে এবং ২০২৬ সালের শরৎকালীন সেশনের কোনো পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে নিঃশর্ত অফার প্রাপ্ত হতে হবে। শুধুমাত্র প্রথমবারের মতো বার্কবেকে ভর্তি হতে চলেছেন, এমন শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য বিবেচিত হবেন। সরকারি বা বেসরকারি অন্য কোনো বৃত্তি প্রাপ্তরা এবং বর্তমান শিক্ষার্থীরা এর জন্য যোগ্য নয়। শর্ট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা ও সার্বিক আবেদনপত্র মূল্যায়ন করেই বৃত্তিটি দেওয়া হবে। যেহেতু এটি সেলফ-ফান্ডেড শিক্ষার্থীদের জন্য তৈরি, তাই অবশিষ্ট টিউশন ফি ও লন্ডনে বসবাসের ব্যয় নিজস্ব তহবিল থেকে কীভাবে নির্বাহ করবেন, তার একটি স্পষ্ট পরিকল্পনা বা প্রমাণ আবেদনের সময় দেখাতে হবে। নির্বাচিতদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রচারণামূলক ও শিক্ষার্থী-সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও থাকতে পারে।
আবেদনের সময়সীমা ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের আবেদন জমা নেওয়া হবে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত। এরপর চূড়ান্ত আবেদনের জন্য সময় থাকছে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিশ্ববিদ্যালয় স্পষ্ট করে জানিয়েছে, এই বৃত্তি প্রদান, সংশোধন বা প্রত্যাহারের একক কর্তৃত্ব তাদের হাতেই সংরক্ষিত থাকবে।
একজন শিক্ষার্থী একটিমাত্র বৃত্তি পেতে পারেন। তবে যদি একাধিক বৃত্তি প্রকল্পের জন্য যোগ্য হন, তাহলে সর্বোচ্চ মূল্যের বৃত্তিটিই তার জন্য প্রযোজ্য হবে। আর স্কলার হিসেবে নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ২০২৬ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে; তা করতে ব্যর্থ হলে বৃত্তিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
১৮৩৬ সালে শিক্ষা কার্যক্রম শুরু করা ইউনিভার্সিটি অব লন্ডন যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৭টি স্বায়ত্তশাসিত কলেজ ও একাধিক কেন্দ্রীয় ইনস্টিটিউটের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি দূরশিক্ষণ কার্যক্রমের মাধ্যমেও বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়। তুলনামূলকভাবে কম ব্যয়ে যুক্তরাজ্যে পড়তে আগ্রহীদের জন্য বার্কবেকের এই টিউশন ফি ছাড়ের উদ্যোগটি তাই একটি লাভজনক সুযোগ বলে বিবেচিত হচ্ছে।




