আগামী ২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ জাতীয় ইনোভেটিভ কার্নিভাল। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরীয়ান ইনোভেশন ক্লাব এই আয়োজনের দায়িত্বে রয়েছে। এবারের কার্নিভালের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেশন ইগনাইটস বিয়ন্ড দ্য হরাইজন’।

মোট পাঁচটি বিভাগে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে। নার্সারি থেকে কেজি পর্যন্ত শিশুদের জন্য কিডস গ্রুপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য প্রাইমারি গ্রুপ — এই দুই বিভাগে কেবল সেন্ট গ্রেগরীর শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। তবে জুনিয়র (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), ইন্টারমিডিয়েট (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং সিনিয়র গ্রুপে (নবম থেকে দ্বাদশ শ্রেণি) যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিযোগিতার ধরনও বৈচিত্র্যময়। একক, অনলাইন সাবমিশনভিত্তিক, উন্মুক্ত, দলগত এবং ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই করতে পারবে। এছাড়াও উদ্যোক্তা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে ‘ফোর্থ এআইসি স্টার্টআপ শোকেস’ নামের বিশেষ সেগমেন্ট। বর্তমান ও প্রাক্তন গ্রেগরীয়ান, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উদীয়মান উদ্যোক্তারা নিজেদের স্টার্টআপ, ব্র্যান্ড বা পণ্য প্রদর্শন ও প্রচারের সুযোগ পাবেন এখানে। প্রতি স্টলের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি প্রদান করতে হবে। যেকোনো একক ইভেন্টে অংশ নিতে ফি ১০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ‘সোলো ইভেন্টস প্যাকেজ’। মাত্র ২০০ টাকায় যেকোনো তিনটি একক ইভেন্টে অংশ নেওয়া যাবে। তবে ফটোগ্রাফি, স্পট দ্য ডিফারেন্স এবং আইকিউ টেস্ট — এই তিনটি ইভেন্ট প্যাকেজের আওতামুক্ত। এগুলোর জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে। প্যাকেজের বাইরে অতিরিক্ত প্রতি ইভেন্টের ফি ৫০ টাকা (অনলাইনে করলে ১০০ টাকা)। মোবাইল ও ডিএসএলআর ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড সম্পূর্ণ বিনামূল্যে, তবে নির্বাচিত হলে ৩০০ টাকা ফি দিতে হবে। নির্বাচিত ছবি কর্তৃপক্ষ ফ্রেমবদ্ধ করে দেবে, যা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিতে পারবেন। স্পট দ্য ডিফারেন্স ও আইকিউ টেস্টে প্রতিটির জন্য ৫০ টাকা করে ফি। দলগত ইভেন্টে প্রতি সদস্যের ফি ১০০ টাকা, অর্থাৎ তিনজনের দলের জন্য মোট ৩০০ টাকা (ওয়াল ম্যাগাজিনের মতো ইভেন্টে)। দ্য লাস্ট সউল প্রতিযোগিতার ফি ৩০০ টাকা, মিনি শার্ক ট্যাঙ্কে তিন সদস্যের দলের জন্য মোট ফিও ৩০০ টাকা। ই-ফুটবলে জনপ্রতি ফি ২০০ টাকা।

অংশগ্রহণকারীদের জন্য রয়েছে নানা সুবিধা। অন্তত একটি ইভেন্টে অংশ নিলেই মিলবে অফিশিয়াল পার্টিসিপেশন সার্টিফিকেট। সোলো ইভেন্ট প্যাকেজে অংশ নেওয়ারা পাবে আকর্ষণীয় অফিশিয়াল টি-শার্ট। বিশেষ সিগনেচার ইভেন্টের প্রতিযোগীদের জন্যও থাকছে এক্সক্লুসিভ টি-শার্ট। বিজয়ী ও সেরা পারফর্মারদের জন্য রয়েছে ক্রেস্ট ও সার্টিফিকেট। দ্য লাস্ট সউল এবং ই-ফুটবল ইভেন্টের বিজয়ীদের জন্য থাকছে প্রাইজমানি। প্রতিটি সেগমেন্টের বিজয়ীরা উপহার হিসেবে গ্রেগরীয়ান ইনোভেশন ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের একটি কপি পাবে। দুই দিনের এই আয়োজনের সমাপনী দিনে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে কার্নিভাল। এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা।