ফরচুন ৫০০-এর শীর্ষ নির্বাহীদের মধ্যে প্রাইভেট জেট ব্যবহারের হার ক্রমশ বাড়ছে। নির্বাহী তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইকুইলারের তথ্যমতে, বর্তমানে ফরচুন ৫০০-এর অধিকাংশ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোম্পানির অর্থেই প্রাইভেট জেটে ভ্রমণ করছেন। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কোম্পানির দেওয়া এই প্রাইভেট জেট ভ্রমণ খাতে ব্যয় বেড়েছে ১৯ শতাংশ।

এই ধারায় সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ প্যালান্টির প্রধান নির্বাহী অ্যালেক্স কার্প। তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের সিইওকে ব্যবসায়িক ও ব্যক্তিগত ভ্রমণের জন্য ২০২৫ সালে মোট ১৭ দশমিক ২ মিলিয়ন ডলার খরচ করেছে। এর আগের বছর ২০২৪ সালে এই খরচ ছিল ৭ দশমিক ৭ মিলিয়ন ডলার। এই বিপুল ব্যয় বিনিয়োগকারীদের নজর কেড়েছে, বিশেষ করে কারণ কার্প নিজেই সেই বিমানের মালিক যা প্যালান্টির কাছে ইজারা দেওয়া হয়।

প্রযুক্তি জগতের আরেক শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গের প্রাইভেট জেট ভ্রমণেও ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। তার প্রতিষ্ঠান মেটা ২০২৪ সালে প্রায় ৯ লাখ ৬৮ হাজার ডলার খরচ করলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৪ মিলিয়ন ডলারে।

প্রতিভা ধরে রাখার পাশাপাশি নিরাপত্তা উদ্বেগকে এই ব্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছে কোম্পানিগুলো। ২০২৪ সালে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন হত্যাকাণ্ডের পর নির্বাহীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। উদাহরণস্বরূপ, স্টারবাকস গত বছর তাদের সিইও ব্রায়ান নিকোলের জন্য ব্যক্তিগত প্রাইভেট জেট ভ্রমণের ওপর থাকা ২ লাখ ৫০ হাজার ডলারের বার্ষিক সীমা তুলে নেয়। নিকোল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে সিয়াটলের কোম্পানি সদর দপ্তরে নিয়মিত যাতায়াত করেন এবং নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সামগ্রিকভাবে, শীর্ষ নির্বাহীদের প্রাইভেট জেট ভ্রমণের এই প্রবণতা ৮০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রাইভেট জেট শিল্পের জন্য আরেকটি ইতিবাচক দিক। অতি-ধনী ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির ফলে এই শিল্প ইতোমধ্যেই দারুণভাবে উপকৃত হচ্ছে। মর্নিং ব্রিউ-এর প্রতিবেদনের ভিত্তিতে ফরচুন ডটকমে এই খবরটি প্রথম প্রকাশিত হয়।