যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত লটারি গেম পাওয়ারবলের জ্যাকপট এবার ৮৫৬ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বুধবার রাতের ড্রতে বিজয়ী কোনো টিকিট না থাকায় এটিই চলতি বছরের সর্ববৃহৎ লটারি পুরস্কারে পরিণত হয়েছে। ওই রাতে তোলা নম্বরগুলো ছিল ১৪, ২০, ৫৯, ৬০, ৬১ এবং লাল পাওয়ারবল ২৫।
তবে কর কর্তন ও অন্যান্য শর্তের কারণে ঘোষিত বিপুল অঙ্কের পুরোটা জয়ীর হাতে আসবে না। পরবর্তী ড্রতে যদি কোনো টিকিট বিজয়ী হয়, তাহলে বিজয়ী ব্যক্তি দুটি বিকল্প থেকে বেছে নিতে পারবেন: পুরো ৮৫৬ মিলিয়ন ডলার ৩০টি বার্ষিক কিস্তিতে গ্রহণ করা, অথবা এককালীন ৩৭২ মিলিয়ন ডলার নগদ অর্থ নেওয়া। অধিকাংশ বিজয়ীই নগদ অর্থ গ্রহণকে বেছে নেন।
নগদ পুরস্কারটি বেছে নেওয়া হলে প্রথমেই বাধ্যতামূলক ২৪% ফেডারেল উইথহোল্ডিং ট্যাক্স কাটার পর পরিমাণটি নেমে দাঁড়াবে ২৮২.৭ মিলিয়ন ডলারে। এরপর করযোগ্য আয়ের ওপর নির্ভর করে বিজয়ীর ওপর আরোপিত হতে পারে সর্বোচ্চ ৩৭% ফেডারেল মার্জিনাল কর, যা মোট অর্থ আরও কমিয়ে প্রায় ২৩৪.৪ মিলিয়ন ডলারে নামিয়ে আনবে।
অন্যদিকে, যদি বিজয়ী বার্ষিক কিস্তি গ্রহণের সিদ্ধান্ত নেন, তাহলে প্রতিবছর পাওয়ার নির্ধারিত ২৮.৫ মিলিয়ন ডলার থেকে ৩৭% ফেডারেল মার্জিনাল কর কাটার পর প্রায় ১৮ মিলিয়ন ডলার হাতে পাবেন। বাসস্থানের রাজ্যের ওপর নির্ভর করে বিজয়ীকে অতিরিক্ত করের মুখোমুখিও হতে হতে পারে। যেমন নিউ ইয়র্ক রাজ্যে লটারি জয়ের উপর ১০.৯% কর দিতে হয়, কিন্তু টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার মত রাজ্যে এই ধরনের কোনো কর নেই।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, গত মাস থেকে পাওয়ারবল জ্যাকপটে যুক্তরাজ্যের লটারি খেলোয়াড়রাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। কর্মকর্তারা আশা করছেন, অতিরিক্ত টিকিট বিক্রির ফলে জ্যাকপটের পরিমাণ আরও দ্রুত বাড়বে। কোনো যুক্তরাজ্যের নাগরিক যদি জ্যাকপট জিতেন, তবে তিনি শুধুমাত্র ৩০ বার্ষিক কিস্তিতে পুরো অর্থ গ্রহণ করতে পারবেন; এককালীন নগদ অর্থ পাওয়ার কোনো সুযোগ তার থাকবে না। যুক্তরাজ্যের জাতীয় লটারি কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ ৪৪৪ মিলিয়ন পাউন্ড (৫৯৭.৬ মিলিয়ন ডলার) উল্লেখ করেছে, যা যুক্তরাষ্ট্রের ঘোষিত ৮৫৬ মিলিয়ন ডলারের চেয়ে অনেক কম মনে হলেও কর্তৃপক্ষের দাবি, “বিনিময় হার এবং যুক্তরাজ্যের কর প্রক্রিয়া বিবেচনায় নেওয়ার পর” ৩০ বছর মেয়াদে বিজয়ী যে আনুমানিক পরিমাণ অর্থ পাবেন, সেটিই এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে।
এটি চলতি বছরের সর্বোচ্চ পুরস্কারের লটারি জ্যাকপট হিসেবে আগের এক রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে গত মঙ্গলবার ফ্লোরিডার এক টিকেট ক্রেতা ৮০০ মিলিয়ন ডলারের মেগা মিলিয়নস জ্যাকপট জিতেছিলেন। ২০২৬ সালে এখন পর্যন্ত দাবি করা পাওয়ারবল জ্যাকপটের মধ্যে সবচেয়ে বড়টি ছিল আর্কানসাস অঙ্গরাজ্যের এক ব্যক্তির জেতা ২৫০.৮ মিলিয়ন ডলারের পুরস্কার। পাওয়ারবলের পরবর্তী ড্র শনিবার রাতে অনুষ্ঠিত হবে।
জ্যাকপট জয়ের সম্ভাবনার হিসাবটি অত্যন্ত ক্ষীণ। একটি টিকিটে জ্যকপট জয়ের সম্ভাবনা ২৯২.২ মিলিয়নের মধ্যে ১। মেগা মিলিয়নসের জ্যাকপট জেতার সম্ভাবনা ২৯০.৪ মিলিয়নের মধ্যে ১, যা ইতিমধ্যেই কম; পাওয়ারবলের ক্ষেত্রে সম্ভাবনা এর চেয়েও কম।



