দীর্ঘ তিন দিন পর শেষ পর্যন্ত মুক্তি মিলল একটি চিলের। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শান্তিবাগ এলাকায় একটি কড়ইগাছের উঁচু ডালে সুতায় আটকে পড়েছিল পাখিটি। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় এবং বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তায় আজ রোববার বেলা ১১টার দিকে চিলটিকে উদ্ধার করা হয়।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। টানা তিন দিন ধরে চিলটি ওই গাছের ডালে সুতায় বন্দী ছিল। নিজে থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয় পাখিটি। স্থানীয় বাসিন্দা রাহাত আহমেদ জানান, প্রথমে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে উদ্ধার সম্ভব না হওয়ায় বিষয়টি পরে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সজল দেব জানান, গাছের অনেক উপরে ডালে সুতায় জড়িয়ে চিলটি ঝুলে ছিল। তাদের কর্মী রিদন গৌড় গাছে আরোহণ করে সুতার বাঁধন কেটে দেন। এরপর চিলটি কিছুক্ষণ ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে যায়।

স্থানীয় লোকজন পাখিটির মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন। এ ধরনের ঘটনা এড়াতে গাছের ডালে বা খোলা জায়গায় সুতা ফেলার ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।