ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সচিবালয়ের মন্ত্রণালয়ের কার্যালয়ে দুপুর ১২টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে বাংলাদেশের পক্ষ থেকে হজ ফ্লাইটের ওপর বিভিন্ন কর ও চার্জ কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।

মন্ত্রী আফরোজা খানম সৌদি রাষ্ট্রদূতের কাছে হজযাত্রীদের ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানোর অনুরোধ জানান। তিনি বলেন, কর ও চার্জ হ্রাস পেলে বাংলাদেশের বিপুল সংখ্যক হজযাত্রী উপকৃত হবেন। পাশাপাশি এই বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে সৌদি রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব প্রদর্শন করে বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান বাড়ানো, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনার বিষয়গুলোর ওপরও বিস্তারিত আলোচনা হয় এই সাক্ষাতে। উভয় পক্ষ এই খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।