জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক মৎস্যচাষির তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক মাছ নিধনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে পুকুরে খাবার দিতে গিয়ে কামরুজ্জামান নামের ওই চাষি দেখতে পান রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। তিনি জানান, ধারদেনা করে পুকুর তিনটি বর্গা নিয়ে মাছ চাষ করেছিলেন। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাছ বিক্রির টাকায় পরিবারের সংসার চলত বলে জানান তিনি।

ঘটনার পেছনে পূর্বশত্রুতার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত পরিবার। কামরুজ্জামানের ছোট ভাই নুরজ্জামান জানান, প্রায় চার মাস আগে তাদের বাড়ির সামনের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছিল। এর প্রায় দশ দিন আগে বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে কয়েকটি হাতে লেখা চিরকুট টাঙানো হয়। একটি চিরকুটে লেখা ছিল, ‘শাবধানে থাকিস। তোর হাতে দুই বছর টাইম আছে। তোর একটা ভুলের কারণে তুই মরবু।’ বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি বাড়ির সামনে এসে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে ধারণা করছেন তিনি। শুক্রবার সকালে পুকুরের পানিতে আরও তিনটি চিরকুট পাওয়া যায়। একটিতে লেখা ‘তোদের আর ছাড়ব না’, অপরটিতে ‘যেমন করেছিস, তেমন ফল পাবি’ এবং তৃতীয়টিতে চাকুর ছবি আঁকা ছিল।

এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরজ্জামান। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাস্তা নিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। গত বুধবার সেই বিরোধ মিটে গেলেও কিছু ব্যক্তি এখনও তাদের ভয়ভীতি দেখিয়ে আসছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য বায়োজীদ হোসেন শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেছেন। তিনি জানান, এর আগে ওই পরিবারের খড়ের গাদায় আগুন ও চিরকুটে হুমকির অভিযোগ শুনেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।