বলিউডের আলোচিত ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’ নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে, তা এখন শিল্পীদের পারিশ্রমিকের খবরে আরও বেড়েছে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরা প্রীতি জিনতার সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন সানি দেওল। রাজকুমার সন্তোষীর পরিচালনায় দেশভাগের পটভূমিতে নির্মিত এই ছবির তারকাদের নেওয়া অর্থ নিয়ে জোরেশোরে আলোচনা চলছে।
খবরে বলা হচ্ছে, ছবিটির জন্য সবচেয়ে বেশি অর্থ নিয়েছেন সানি দেওল। ‘গদর ২’ এবং ‘বর্ডার ২’-এর মতো ব্যবসাসফল ছবির পর তাঁর জনপ্রিয়তা আবার শীর্ষে, তাই তাঁর পারিশ্রমিকের তালিকায় লাভের অংশও যুক্ত থাকতে পারে বলে শোনা যাচ্ছে। জানা গেছে, তাঁর চরিত্রের জন্য তিনি পকেটে তুলছেন ৬০ কোটি রুপি।
সানির পরেই রয়েছেন প্রীতি জিনতা। এই পিরিয়ড ড্রামায় তাঁর ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এত দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালোই দর হেঁকেছেন তিনি — শোনা যাচ্ছে, তাঁর পারিশ্রমিক ১০ কোটি রুপি।
এদিকে ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল। তিনি প্রায় ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে খবর। এছাড়া ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি, কারণ দেওল ও অভিমন্যু সিং। শাবানা আজমির পারিশ্রমিকের অঙ্ক এখনও প্রকাশ্যে না এলেও অভিমন্যু সিং পাচ্ছেন প্রায় ২ কোটি রুপি।
ছবিটির মোট বাজেট ধরা হয়েছে প্রায় ১৫০ কোটি রুপি। তবে বাজেট বা তারকাদের পারিশ্রমিক — কিছুই নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ‘বাটওয়ারা ১৯৪৭’ দেখাবে সে সময়কার মানুষের জীবন, সম্পর্ক এবং মানবিক সংকট। আসগর ওয়াজাহাতের জনপ্রিয় উর্দু নাটক ‘জিস লাহোর নেহি ভেখ্যা ও জ্যামাই নেহি’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। দেশভাগের পর লাহোরে দুই ভিন্ন সম্প্রদায়ের পরিবারের গল্পের মধ্য দিয়ে বিভাজনের মানবিক দিকটি ফুটিয়ে তোলা হবে।
এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর রাজকুমার সন্তোষী ও সানি দেওল আবার একসঙ্গে কাজ করছেন। এর আগে এই জুটি ‘দামিনী’, ‘ঘায়েল’, ‘ঘাতক’-এর মতো হিট ছবি দিয়েছেন। তাই এই জুটিকে আবার পর্দায় দেখার অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। আমির খান প্রোডাকশনস প্রযোজিত ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান, গান লিখেছেন জাভেদ আখতার।
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাটওয়ারা ১৯৪৭’। একই দিনে মুক্তি পাচ্ছে ইমরান হাসমির ‘আওয়ারাপন ২’। ফলে বক্স অফিসে দুই ছবির মধ্যে লড়াই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।




