পর্তুগালের পোর্তো শহরের ঐতিহাসিক বইয়ের দোকান লিভরারিয়া লেলোতে বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা একটি ব্যতিক্রমী গ্রন্থাগার চালু করেছেন। ‘ম্যানিফেস্টো লাইব্রেরি’ নামের এই উদ্যোগটি আন্তর্জাতিক বই উৎসব ‘বাবেল—সিটি অব বুকস’-এর একটি অংশ। এই লাইব্রেরির তাকে জায়গা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে কোনো না কোনো সময় নিষিদ্ধ, সেন্সরশিপের শিকার অথবা বিতর্কিত ঘোষিত প্রায় ১০০টি বই।

এই সংগ্রহে ক্ষমতার অপব্যবহার, বৈষম্য, নিয়ন্ত্রণ এবং সমাজের গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ করা রচনাগুলো স্থান পেয়েছে। মার্গারেট অ্যাটউডের বিখ্যাত উপন্যাস ‘দ্য হ্যান্ডমেইডস টেল’, রেজিনাল্ড ডোয়েন বেটসের ‘ফেলন’, এবং সালমান রুশদি ও নোবেলজয়ী লেখক ওলগা তুকারচুকের নির্বাচিত বই এখানে রাখা হয়েছে। বইগুলো মূলত চারটি কেন্দ্রীয় ভাবনার চারপাশে সাজানো: ক্ষমতা, নিয়ন্ত্রণ, কণ্ঠস্বর ও স্মৃতি।

ডুয়া লিপা এক বিবৃতিতে জানান, এটি তাঁর বহুদিনের লালিত স্বপ্ন ছিল। তিনি বলেন, যখন ‘সার্ভিস৯৫ বুক ক্লাব’ শুরু করি, তখনই তাঁর ইচ্ছা ছিল এটি যেন বিশ্বের যেকোনো প্রান্তের পাঠক ও লেখকদের জন্য একটি নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। এই লাইব্রেরির মাধ্যমে তিনি সাহসী লেখকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেইসব পাঠকদের উদ্দেশ্যে বলছেন, যাঁরা অন্যের তৈরি তালিকা অনুসরণ করে বই পড়তে আগ্রহী নন।

লিভরারিয়া লেলোর ব্র্যান্ডপ্রধান ফ্রান্সিসকা পেদ্রো পিন্টো এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে মন্তব্য করেন, একশো বিশ বছর ধরে তারা এই বিশ্বাস লালন করেছেন যে বই মানুষের স্বাধীনতা অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। ম্যানিফেস্টো লাইব্রেরি সেই বিশ্বাসেরই মূর্ত প্রতিফলন।

সঙ্গীতের বাইরে ডুয়া লিপা বই পড়ার গুরুত্ব প্রচারে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি তাঁর বুক ক্লাবের জন্য প্রতি মাসে একটি করে বই বাছাই করেন এবং সংশ্লিষ্ট লেখকের সাক্ষাৎকার গ্রহণ করেন। আগামী ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০২৬ লন্ডন লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটরের দায়িত্বও পালন করবেন তিনি।