নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশের দর্শকরা সম্প্রতি বেশ কিছু সিনেমার প্রতি আগ্রহ দেখিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহের তালিকায় শীর্ষ পাঁচটি সিনেমার নাম উঠে এসেছে। প্রথম অবস্থানে রয়েছে আইনি থ্রিলার ‘ইক্কা’। গত ১০ জুলাই প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া এই সিনেমাটি একজন আইনজীবীর গল্প বলে। এক জটিল মামলার দায়িত্ব নেওয়ার পর তাঁর সামনে আসে ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্ব। আদালতের চিত্র ও রাজনৈতিক কৌশল ছবিটিকে আকর্ষণীয় করে তুলেছে। ছবিটির আইএমডিবি রেটিং ৫.৫।

দ্বিতীয় স্থানে আছে কমেডি ‘পতি পত্নী অউর ওহ দো’। চলতি বছরের মে মাসে হলরিলিজের পর গেল ১০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়। এক বিবাহিত দম্পতির জীবনে হঠাৎ তৃতীয় একজনের আবির্ভাব ঘটায় হাস্যকর ও অপ্রীতিকর পরিস্থিতি। সম্পর্ক ও ভুল বোঝাবুঝির মজার চিত্রণ দর্শকদের মন জয় করেছে। এর রেটিং ৬.২।

তৃতীয় স্থানটি দখল করেছে ‘দাদি কি শাদি’। শেষ বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে এক বয়স্ক নারীর গল্প। পরিবারের সদস্যরা এর বিরোধিতা করায় সৃষ্টি হয় নানা হাসি-কান্নার ঘটনা। পরিবার ও সম্পর্কের উপর নির্মিত এই কমেডি ছবিটি ৩ জুলাই নেটফ্লিক্সে এসেছে। আইএমডিবি রেটিং ৫.৫।

চতুর্থ অবস্থানে দক্ষিণী সিনেমা ‘পেড্ডি’। রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত এই সিনেমায় গ্রামীণ তরুণের সংগ্রাম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছে। অ্যাকশন ও আবেগের মিশেলে নির্মিত ছবিটি সম্প্রতি নেটফ্লিক্সে যুক্ত হয়েছে। এর রেটিং ৫.৫।

পঞ্চম অবস্থানে এনোলা হোমস সিরিজের তৃতীয় কিস্তি ‘এনোলা হোমস ৩’। রহস্য ও অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমায় এনোলা হোমস একটি অপহরণ মামলায় জড়িয়ে পড়ে। তদন্তের পাশাপাশি তার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও ফুটে উঠেছে। এটি ১ জুলাই থেকে দেখা যাচ্ছে। আইএমডিবি রেটিং ৫.৮।