বিটিএস ব্যান্ডের জনপ্রিয় তারকা জিমিন সম্প্রতি মঞ্চে ফুটবল তারকা আর্লিং হলান্ডের চালচলন নকল করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। জার্মানিতে বিটিএসের ‘আরিরাং’ ট্যুরের অংশ হিসেবে মিউনিখের অ্যালিয়ানৎস অ্যারেনায় ১১ জুলাই কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানেই এই ঘটনা ঘটে। কনসার্ট শুরুর আগে সাউন্ডচেকের সময় এক ভক্তের হাতে থাকা একটি পোস্টার জিমিনের চোখে পড়ে। পোস্টারটিতে মার্ভেল সুপারহিরো থর, ফুটবল তারকা আর্লিং হলান্ড ও জিমিনের ছবি পাশাপাশি স্থান পেয়েছিল। পোস্টারে কোরীয় ভাষায় থরকে 'বজ্রের দেবতা', হলান্ডকে 'ফুটবলের দেবতা' এবং জিমিনকে 'আমাদের দেবতা' বলে উল্লেখ করা হয়। পোস্টারটি দেখে হেসে ফেলেন জিমিন। মূল কনসার্টের সময় তিনি মঞ্চে হলান্ডের মতো ঘাড় ঝুঁকিয়ে হাঁটার ভঙ্গি প্রদর্শন করেন। দর্শকেরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন। এই মজার ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইএসপিএন মেক্সিকো ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।’ অন্যদিকে, চিলির সঙ্গীতভিত্তিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও হলান্ডের পাশাপাশি ছবি প্রকাশ করে পোস্টে কে-পপ তারকা ও নরওয়েজীয় ফুটবলারের এই মজার মিলকে তুলে ধরে। কোরিয়া হেরাল্ডের বরাত দিয়ে জানা গেছে, জিমিনের এই অনুকরণ ফুটবল ও কে-পপ ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা সৃষ্টি করেছে।