ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির পরিসর বিস্তৃত করতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) ও সহজমোবাইল বিডি লিমিটেড একটি সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়েছে। সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির ফলে গ্রাহকরা এখন থেকে সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে মোবাইল ডিভাইস কিনতে মিডল্যান্ড ব্যাংকের ই-লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্ব ডিজিটাল ঋণসেবাকে আরও সহজলভ্য করে তুলবে এবং মোবাইল কেনার ক্ষেত্রে গ্রাহক সুবিধা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চুক্তিপত্রে মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের সমন্বয়ক মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডির পরিচালক আবু আল মেতালিব স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমতিয়াজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন এবং সহজমোবাইল বিডির সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু ও হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তারাও যোগ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণ পরিষেবা ও সহজমোবাইলের মার্চেন্ট নেটওয়ার্কের সমন্বয়ে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও সম্প্রসারিত হবে। ফলে গ্রাহকদের জন্য অর্থায়নের নতুন দ্বার উন্মোচিত হলো, যা মোবাইল ডিভাইস কেনার প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে।