কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে চাঞ্চল্যকর এক ঘটনায় দুই মাস বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রায়ান আহমেদ, সে এলাকার সিকদারপাড়ার আবদুল মালেকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মালেক দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন।

ঘটনার দিন সকালে শিশুটিকে নিয়ে নিজ ঘরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন তার মা রোমানা আক্তার (২৩)। ঘটনার পর প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দিলে রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সময়ে শিশুটির মা রোমানাকে আটক করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোমানা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এজন্য তিনি আগে চিকিৎসাও নিয়েছিলেন। তবে তার মানসিক অবস্থা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকের পরীক্ষা এবং তদন্তের পরই জানা যাবে। ওসি আরও জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং মামলায় রোমানা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।